© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শহীদ জিয়ার জীবন ও কর্ম নিয়ে বিটিভির বিশেষ আয়োজন

শেয়ার করুন:
শহীদ জিয়ার জীবন ও কর্ম নিয়ে বিটিভির বিশেষ আয়োজন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩২ পিএম | ২৫ মে, ২০২৬
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন।

আগামী ৩০ মে দিনব্যাপী প্রচারিত হবে প্রামাণ্য অনুষ্ঠান, আলোচনা, স্মৃতিচারণা, কবিতা পাঠ, শিশুতোষ পরিবেশনা ও দেশাত্মবোধক সংগীতানুষ্ঠান।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, রাজনৈতিক দর্শন ও কর্মভিত্তিক বিভিন্ন দিক তুলে ধরেই সাজানো হয়েছে পুরো আয়োজন।

সকাল ৯টায় প্রচারিত হবে শিশুতোষ বিশেষ অনুষ্ঠান। মাহবুবা জ্যামিনের প্রযোজনায় এবং সমৃদ্ধি সূচনার উপস্থাপনায় নির্মিত এ আয়োজনে শিশুদের অংশগ্রহণে থাকবে ছবি আঁকা, গল্প বলা, নাটিকা ও আলোচনা। শিশুদের চোখে একজন রাষ্ট্রনায়ককে তুলে ধরার চেষ্টা থাকবে অনুষ্ঠানে।

দুপুর ১২টা ও সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। মামুন মাহমুদের প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা, দর্শন এবং মৃত্যুকে ঘিরে নানা ঘটনা তুলে ধরা হবে। পাশাপাশি বিভিন্ন বিশিষ্টজনের সাক্ষাৎকার ও স্মৃতিচারণাও থাকবে।

বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রচারিত হবে কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান।

জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় এবং ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় আয়োজিত এ পর্বে কবিতার ভাষায় স্মরণ করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে।

রাত ৯টায় থাকছে বিশেষ অনুষ্ঠান ‘ইতিহাসের বাঁকে বাঁকে মৃত্যুঞ্জয়ী জিয়া’। মোস্তাফিজুর রহমান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় নির্মিত এই আয়োজনে তথ্যচিত্র, আলোচনা ও স্মৃতিচারণার মাধ্যমে তুলে ধরা হবে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও সময়ের প্রেক্ষাপট। এতে অংশ নেবেন বিভিন্ন বিশিষ্টজন।

এ ছাড়া রাত ১১টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’।

আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় নির্মিত অনুষ্ঠানটির গবেষণা ও উপস্থাপনা করেছেন রেজাবুদ্দৌলা চৌধুরী। আলোচনা, সাক্ষাৎকার ও সংগীত পরিবেশনার মাধ্যমে সাজানো হয়েছে এ আয়োজন।

দিনব্যাপী সম্প্রচারে আরো থাকছে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। সকাল ৭টা ১৫ মিনিট, সকাল ১০টা, দুপুর ১টা, সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১১টায় মাহেদুর রহমান এবং লুৎফর রহমানের প্রযোজনায় প্রচারিত হবে এসব সংগীতানুষ্ঠান।

পুরো আয়োজনে গান, আলোচনা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে উঠে আসবে দেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নানা অনুষঙ্গ।

টিকে/

মন্তব্য করুন