© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আসছে ‘মাইকেল’-এর সিক্যুয়াল, ৩০ ভাগ শুটিং শেষ

শেয়ার করুন:
আসছে ‘মাইকেল’-এর সিক্যুয়াল, ৩০ ভাগ শুটিং শেষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৬ পিএম | ২৫ মে, ২০২৬
পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক আলোচিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর থেকেই এর সিক্যুয়াল নিয়ে জোর আলোচনা চলছিল। এবার আনুষ্ঠানিকভাবে সেই পরিকল্পনার ঘোষণা দিয়েছে লায়ন্সগেট।

সম্প্রতি এক বৈঠকে প্রতিষ্ঠানটির মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন জানান, ‘মাইকেল ২’-এর কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যে ২৫ থেকে ৩০ ভাগ অংশের শুটিং শেষ বলেও জানা গেছে।

পরিচালক অ্যান্টোইন ফুকুয়া নির্মিত প্রথম সিনেমা ‘মাইকেল’-এ দেখানো হয়েছে কিভাবে সাধারণ পরিবার থেকে উঠে এসে বিশ্বসংগীতের অন্যতম কিংবদন্তিতে পরিণত হন মাইকেল জ্যাকসন। এতে পপ তারকার চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন।

প্রথম সিনেমার গল্প শেষ হয় ১৯৮৭ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ব্যাড ওয়ার্ল্ড ট্যুর’ কনসার্ট দিয়ে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী নির্মাতাদের ভাষ্য, সিক্যুয়ালে মাইকেলের জীবনের পরবর্তী সময় এবং অজানা নানা অধ্যায় তুলে ধরা হবে।

অ্যাডাম ফোগেলসন বলেন, ‘মাইকেল জ্যাকসনের জীবনে এমন অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, যা প্রথম সিনেমায় দেখানো সম্ভব হয়নি। সেগুলোই এবার সামনে আসবে।

তিনি আরো জানান, নতুন সিনেমাটি নির্দিষ্ট কোনো টাইমলাইন অনুসরণ করবে না। গল্পের প্রয়োজনে সময়কে সামনে কিংবা পেছনে নেওয়া হবে।



এদিকে ১৯৯৩ সালে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা শিশু নির্যাতনের অভিযোগ নিয়ে প্রথম সিনেমায় কিছু দৃশ্য রাখা হলেও পরে আইনি জটিলতার কারণে তা বাদ দেওয়া হয়। নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন, সেই বিতর্কিত অধ্যায়ও সিক্যুয়ালে স্থান পেতে পারে।

গত ২৪ এপ্রিল মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিসে বড় সাফল্য পায় ‘মাইকেল’।

এখন পর্যন্ত সিনেমাটির আয় ৭৩০ মিলিয়ন ডলারের বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এসএন 

মন্তব্য করুন