ভারতে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটিতে ক্যাবল কার, আটকা ৩০০ পর্যটক
ছবি: সংগৃহীত
১১:৪২ পিএম | ২৫ মে, ২০২৬
জম্মু-কাশ্মীরের বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন প্রায় ৩০০ পর্যটক।
সোমবার (২৫ মে) মাঝআকাশে আচমকাই থমকে যায় রোপওয়ে বা গন্ডোলা পরিষেবা।
যান্ত্রিক ত্রুটির কারণে বিভিন্ন ক্যাবিনের ভেতরে আটকা পড়েন পর্যটকরা। এই ঘটনায় পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতীয় সেনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্বের অন্যতম উচ্চতম এই ক্যাবল কারটি হঠাৎ যান্ত্রিক গোলযোগের কারণে মাঝপথে স্তব্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুলন্ত ক্যাবিনের ভেতর নারী ও শিশুসহ বহু পর্যটক ভয়ে চিৎকার করতে শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, পর্যটকরা অসহায়ভাবে ক্যাবিনের ভেতর অপেক্ষা করছেন এবং নিচে উদ্ধারকারী দল তৎপরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে।
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ এবং স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল। উদ্ধারকাজ তদারকি করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তানমার্গের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং তহশিলদার নিজে উপস্থিত হন।
উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে গন্ডোলা পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা দ্রুত উদ্ধারকারী দল মোতায়েন করেছি এবং আটকে থাকা পর্যটকদের নিরাপদে নিচে নামিয়ে আনাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
পাশাপাশি, রোপওয়ের ত্রুটি মেরামত করে পরিষেবা সচল করতে দ্রুত কারিগরি বিশেষজ্ঞদের একটি দলও কাজে নেমে পড়েছে। এই ঘটনার পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর কার্যালয় থেকে একটি বিবৃতি জারি করে দেশবাসীকে আশ্বস্ত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গুলমার্গ গন্ডোলা ক্যাবল কারে যান্ত্রিক ত্রুটির বিষয়টি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সমস্ত ক্যাবিন সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। প্রশিক্ষিত দল অত্যন্ত দক্ষতার সাথে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ করছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
উল্লেখ্য, গুলমার্গের এই গন্ডোলা প্রজেক্টটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় এবং উচ্চতম ক্যাবল কার হিসেবে পরিচিত। বিশেষ করে চলতি গ্রীষ্মকালীন মৌসুমে কাশ্মীর ভ্রমণে আসা হাজার হাজার পর্যটকদের কাছে এটি অন্যতম প্রধান আকর্ষণ। তবে সোমবারের এই আকস্মিক বিভ্রাট পর্যটকদের নিরাপত্তার বিষয়ে পুনরায় প্রশ্ন তুলে দিল।
সূত্র: এনডিটিভি
এসকে/টিকে