© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেয়া পায়েলের প্রেমে ফারহানের ‘ডুব’

শেয়ার করুন:
কেয়া পায়েলের প্রেমে ফারহানের ‘ডুব’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১০ এএম | ২৬ মে, ২০২৬
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে ভিন্নধর্মী গল্পের বিশেষ নাটক ‘ডুব’। প্রেম, ভুল বোঝাবুঝি এবং গ্রামীণ সালিশের হাস্যরসাত্মক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।

নাটকের গল্পে দেখা যাবে, সাদ্দাম নামের এক তরুণ ঢাকায় ব্যবসা করেন। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গ্রামে গিয়ে শেফালি নামের এক মেয়েকে ভালো লেগে যায় তার। তবে শেফালির সঙ্গে একান্তে কথা বলার সুযোগ পাচ্ছিলেন না তিনি।

একপর্যায়ে শেফালিকে দেখার আশায় গ্রামের একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুব দেন সাদ্দাম। কিন্তু পানির নিচ থেকে উঠে এসে তিনি পড়েন সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতিতে। সেখানে তার সামনে হাজির হয় আলো নামের এক তরুণী। ঠিক তখনই মসজিদ থেকে ফেরা কয়েকজন গ্রামবাসী তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। শুরু হয় নানা জল্পনা-কল্পনা এবং বসে গ্রামীণ সালিশ।



মজার বিষয় হলো, আলো বারবার দাবি করলেও যে সে সাদ্দামকে চেনে না, সাদ্দাম তা অস্বীকার করেন না। কারণ এরই মধ্যে শেফালির চেয়ে আলোকেই বেশি পছন্দ হয়ে যায় তার। ফলে অভিযোগ প্রমাণিত হোক এবং শেষ পর্যন্ত তাদের বিয়েই হোক এমনটাই চাইতে থাকেন তিনি।

নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। গল্প ও চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ এবং নির্মাতা নিজে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবিনা মিম ও নরেশ ভুঁইয়া।

প্রযোজক এসকে সাহেদ আলী জানিয়েছেন, ঈদের বিশেষ আয়োজনের অংশ হিসেবে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

এসকে/টিএ

মন্তব্য করুন