যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই চুক্তি হচ্ছে না: ইরান
ছবি: সংগৃহীত
০৭:১৮ এএম | ২৬ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও এখনই কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য জানান। সোমবারই দুই দেশের মধ্যে একটি চুক্তি হতে পারে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এমন মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়। খবর বিবিসি, সিনহুয়া, আলজাজিরার।
ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, ‘এটি ঠিক যে, আলোচনার বিষয়গুলোর একটি বড় অংশের ক্ষেত্রে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি। তবে এর অর্থ এই নয় যে, এখনই একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে বলে কেউ দাবি করতে পারবে।’
সমঝোতা স্মারকের খসড়ায় মূলত ৬০ দিনের যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনার একটি পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষ চুক্তির খুব কাছাকাছি রয়েছে বলে ইঙ্গিত দিলেও পরে তিনি তার প্রতিনিধিদের চুক্তির বিষয়ে ‘তাড়াহুড়া না করতে’ নির্দেশ দিয়েছিলেন। সোমবার ভারতের রাজধানী দিল্লিতে সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমরা ভেবেছিলাম গত রাতেই (রোববার) হয়তো কোনো খবর পাব। অথবা আজ পেতে পারি।’ তবে ‘এটিকে খুব বড় করে না দেখার’ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘ইরানের কাছ থেকে জবাব পেতে কিছুটা সময় লাগে।’
কাতারে উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধিদল : যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে কাতারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সোমবার দোহায় পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ অন্যদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধিদলের সফরের মূল লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরানের ওপর ‘চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধ’ অবসানের জন্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক তৎপরতাকে আরও এগিয়ে নেওয়া।
সৌদি আরব-কাতারকে আব্রাহাম চুক্তি স্বাক্ষরের আহ্বান : এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির অংশ হিসাবে সৌদি আরব, কাতার, পাকিস্তানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসাবে তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন। সোমবার ট্র–থ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প জানান, শনিবার তিনি কয়েকটি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। সেখানে তিনি বলেন, আমি তাদের জানিয়েছি, যুক্তরাষ্ট্র এই জটিল পরিস্থিতি সমাধানে যে পরিমাণ কাজ করেছে, তার পরিপ্রেক্ষিতে এসব দেশের একযোগে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করা উচিত।’ এরই মধ্যে আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদান ও কাজাখস্তান এই চুক্তিতে স্বাক্ষর করেছে।
হরমুজ খুলে দিলে পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্র প্রস্তুত : ইরান যদি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়, তবে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে খুবই গুরুত্বসহকারে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নয়াদিল্লি সফরের সময় এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘প্রণালিটি অবিলম্বে পুনরায় খুলে দিতে হবে এবং তারপর আমরা নির্ধারিত প্যারামিটারের অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবং কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে তাদের অঙ্গীকার নিয়ে অত্যন্ত গুরুত্বসহকারে আলোচনায় প্রবেশ করব।’ তিনি বলেন, ‘এতে কয়েক বছর সময় লাগবে না, তবে এসব প্রযুক্তিগত বিষয়গুলো সমাধান করতে কিছুটা সময় লাগবে।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে যদি এই আলোচনা ফলপ্রসূ না হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলার হুমকি পুনর্ব্যক্ত করতে পারে।
টিজে/টিকে