ওসমান সোনকোকে বরখাস্তের পর সেনেগালের নতুন প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ লু
ছবি: সংগৃহীত
০৭:২৩ এএম | ২৬ মে, ২০২৬
সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে সোমবার একজন অভিজ্ঞ অর্থনীতিবিদকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। ঋণ পুনর্গঠনের বিরোধিতা করা পূর্ববর্তী প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার তিন দিনের মাথায় এই নিয়োগ দেওয়া হলো। নতুন প্রধানমন্ত্রী আহমাদু আল আমিনো লো এর আগে সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস-এর সেনেগাল শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিয়োগ পাওয়ার পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আহমাদু আল আমিনো লো সেনেগালের কঠিন আর্থিক পরিস্থিতির কথা স্বীকার করার পাশাপাশি স্থানীয় বেসরকারি খাত এবং বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, দেশের বর্তমান জরুরি অবস্থা, বিশেষ করে সরকারি অর্থব্যবস্থা এবং অর্থনীতিতে এর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে।
তবে তিনি জোর দিয়ে জানান যে, সেনেগাল একটি নিরাপদ ও নির্ভরযোগ্য দেশ এবং ভবিষ্যতেও তেমনই থাকবে। বর্তমানে সেনেগালের আর্থিক পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং। ঋণ সম্পর্কে ভুল তথ্য প্রদানের বিষয়টি ধরা পড়ার পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দেশটির জন্য ১.৮ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি স্থগিত করেছে। এর ফলে ২০২৪ সালের শেষের দিকে দেশটির ঋণ এর অর্থনৈতিক উৎপাদনের ১৩২ শতাংশে গিয়ে পৌঁছাবে। বিদায়ী প্রধানমন্ত্রী উসমান সোনকো প্রায় ১৩ বিলিয়ন ডলারের এই ঋণ পুনর্গঠনের ঘোর বিরোধী ছিলেন, যা মূলত আইএমএফ সমর্থন করে আসছিল। তবে এই বিষয়ে প্রেসিডেন্ট ফায়েকে খুব একটা সরব হতে দেখা যায়নি।
প্রেসিডেন্ট ফায়ের রাজনৈতিক উত্থানে বড় ভূমিকা রাখা সোনকোকে কয়েক মাস ধরে চলা ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার পর শুক্রবার বরখাস্ত করা হয়। এর আগে মার্চ মাসে সোনকো হুঁশিয়ারি দিয়েছিলেন যে, প্রেসিডেন্ট যদি দলের এজেন্ডা থেকে সরে আসেন, তবে তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠ ক্ষমতাসীন পাস্তেফ পার্টিকে বিরোধী দলে নিয়ে যেতে পারেন। তার এই হুমকি আইএমএফ-এর সহায়তা পাওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো পাস করার ক্ষেত্রে সরকারের সক্ষমতাকে চরম অনিশ্চয়তায় ফেলেছে।
মঙ্গলবার ন্যাশনাল অ্যাসেম্বলির এক বৈঠকে সোনকোকে আইনপ্রণেতা হিসেবে 'পুনর্বহাল' করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রবিবার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকারের পদত্যাগের পর গুঞ্জন উঠেছে যে সোনকো নিজেই হয়তো ওই শূন্য পদে বসতে পারেন।
সোমবারের বক্তব্যে নতুন প্রধানমন্ত্রী লো জানান, তার নিয়োগ সেনেগালের 'কাঠামোগত পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসা নয়, বরং এটি প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন পদ্ধতি। এ সময় তিনি সোনকোর প্রতিও আপসজনক মনোভাব দেখান। সোনকো সরকারের আমলের অর্জনের প্রশংসা করে লো গত বছর ঘোষিত অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার কথা উল্লেখ করেন, যা মূলত দেশীয় তহবিলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল।
সূত্র: রয়টার্স
আইকে/টিএ