নিষেধাজ্ঞার মুখে রণবীর, ‘ডন ৩’ ছাড়তেই বড় বিপাকে অভিনেতা
ছবি: সংগৃহীত
০৮:৫৪ এএম | ২৬ মে, ২০২৬
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর সিংকে ঘিরে এবার তৈরি হয়েছে বড় বিতর্ক। বহু প্রতীক্ষিত সিনেমা ডন ৩ থেকে হঠাৎ সরে দাঁড়ানোর ঘটনায় অভিনেতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পশ্চিম ভারতের চলচ্চিত্রকর্মীদের সংগঠন এফডব্লিউআইসিই।
জানা গেছে, সিনেমাটির শুটিং শুরুর মাত্র ১০ দিন আগে প্রজেক্ট ছাড়েন রণবীর। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রযোজনা সংস্থা। পরিস্থিতি সামাল দিতে প্রথমে পারস্পরিক সমাধানের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় সংগঠনের দরজায়।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এফডব্লিউআইসিই জানিয়েছে, রণবীর সিংয়ের বিরুদ্ধে ‘সহযোগিতা না করার’ নির্দেশনা জারি করা হয়েছে। অর্থাৎ আপাতত ইন্ডাস্ট্রির সদস্যদের অভিনেতার সঙ্গে কাজ না করার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের দাবি, ‘ডন ৩’-এর নির্মাতাদের প্রায় ৪৫ কোটি টাকার ক্ষতির বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত এই অবস্থান বহাল থাকবে।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযোগ পাওয়ার পর রণবীরকে প্রতি ১০ দিন অন্তর তিনবার নোটিশ পাঠানো হয়েছিল। তবে অভিনেতার পক্ষ থেকে কোনো জবাব মেলেনি। পরে রণবীরের টিম একটি বার্তায় জানায়, এই বিষয়ে সংগঠনের হস্তক্ষেপ করার অধিকার নেই। এরপরই সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান প্রকাশ করে এফডব্লিউআইসিই।
সংগঠনের শীর্ষ কর্মকর্তারা বলেন, পুরো চলচ্চিত্র অঙ্গন একটি পরিবারের মতো। এখানে শিল্পী, প্রযুক্তিবিদ, প্রযোজক, পরিচালক সবার সম্মিলিত প্রচেষ্টাতেই একটি সিনেমা তৈরি হয়। তাই কোনো প্রতিষ্ঠিত অভিনেতার আচমকা প্রজেক্ট ছেড়ে চলে যাওয়া পুরো ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর বার্তা বহন করে।
বিতর্কের সূত্রপাত হয় চলতি বছরের এপ্রিল মাসে। ফারহান আখতার সংগঠনের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, রণবীর সিং এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে তিনটি সিনেমার চুক্তি করেছিলেন। কিন্তু ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর ফলে প্রি-প্রোডাকশন পর্যায়ে বড় ধরনের ক্ষতি হয়েছে।
এক সময় এই সিনেমাকে ঘিরে দর্শকদের উন্মাদনার শেষ ছিল না। প্রথম ঝলক প্রকাশের পর থেকেই নতুন ‘ডন’ হিসেবে রণবীরকে নিয়ে শুরু হয়েছিল আলোচনা। তবে শুটিং শুরুর আগেই একের পর এক তারকা সিনেমা ছাড়তে থাকেন। প্রথমে কিয়ারা আদভানি ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান। পরে বেরিয়ে যাওয়ার খবর আসে বিক্রান্ত ম্যাসির। সবশেষে রণবীরের সিদ্ধান্তেই সবচেয়ে বড় ধাক্কা খায় প্রজেক্টটি।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, শুটিং বারবার পিছিয়ে যাওয়া এবং চিত্রনাট্য নিয়ে অসন্তুষ্টির কারণেই তিনি সিনেমাটি ছাড়েন। তবে সেই সিদ্ধান্ত এখন বলিউডে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে।
পিআর/এসএন