আমাদের মাঝে কেউ ঢুকতে পারবে না: জীতু কমল
ছবি: সংগৃহীত
০৯:০২ এএম | ২৬ মে, ২০২৬
ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই লুকোছাপা করতে পছন্দ করেন না টলিউড অভিনেতা জীতু কমল। সম্পর্ক, বিচ্ছেদ কিংবা জীবনের কঠিন সময় সবকিছু নিয়েই বরাবর খোলামেলা কথা বলতে দেখা গেছে তাকে। সাবেক স্ত্রী নবনীতা দাসর সঙ্গে বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এই অভিনেতা। তবে এবার নতুন করে তার প্রেম নিয়ে শুরু হয়েছে আলোচনা।
সম্প্রতি ‘চোর’ সিনেমার ডাবিংয়ের সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন জীতু। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, তিনি এখন একা কিনা। উত্তরে অভিনেতার জবাব ছিল বেশ চমকপ্রদ। তিনি বলেন, তিনি মোটেও একা নন, বরং গভীর ভালোবাসার মধ্যেই আছেন।

এই কথা শোনার পর স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়, তবে কি নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা? কিন্তু কিছুক্ষণ পরেই রহস্য ভাঙেন জীতু নিজেই। জানান, কোনো মানুষ নয়, তার হৃদয়জুড়ে আছেন শুধুই মহাদেব।
জীতুর ভক্তদের কাছে বিষয়টি অবশ্য নতুন নয়। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়েই মহাদেবের প্রতি তার ভক্তির প্রকাশ দেখা গেছে। শিবরাত্রি, নীল ষষ্ঠী কিংবা প্রতি সোমবার নিয়ম করে পূজা করতেও দেখা যায় অভিনেতাকে।
এক সাক্ষাৎকারে হাস্যরসের ছলে জীতু বলেন, “আমি আর আমার শিব একসঙ্গেই থাকি। আমাদের মধ্যে ভালোবাসা অসম্ভব গভীর। আমাদের মাঝে কেউ কোনোদিন ঢুকতে পারবে না।”
পরে যখন তাকে বলা হয়, মহাদেব তো পার্বতীর প্রেমে মগ্ন, তখনও মজার ছলেই জবাব দেন অভিনেতা। তার কথায়, “শিব যদি পার্বতীকে ভালোবাসেন, তাতে আমার আপত্তি নেই। আমি শুধু শিবকেই ভালোবাসি। যদি কোনোদিন বিচ্ছেদ হয়, তখন সবাইকে জানাব।”
অন্যদিকে অভিনয় জীবনেও কম বিতর্কের মুখে পড়তে হয়নি জীতুকে। ধারাবাহিক চিরদিন তুমি যে আমার ঘিরে সহশিল্পীদের সঙ্গে একাধিকবার মতবিরোধের খবর সামনে এসেছে। কখনো দিতিপ্রিয়া রায়, কখনো অভ্রজিৎ, আবার কখনো পায়েল দের সঙ্গে নাম জড়িয়েছে বিতর্কে। তবুও দর্শকদের একাংশের কাছে তার জনপ্রিয়তায় খুব একটা ভাটা পড়েনি।
পিআর/এসএন