© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানি সঙ্গীতশিল্পীদের নিয়ে প্রতিবাদ অরিজিৎ-এর

শেয়ার করুন:
পাকিস্তানি সঙ্গীতশিল্পীদের নিয়ে প্রতিবাদ অরিজিৎ-এর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ এএম | ২৬ মে, ২০২৬
ভারতের সংগীতাঙ্গনে বরাবরই নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন অরিজিৎ সিং। গান দিয়ে কোটি শ্রোতার হৃদয় জয় করা এই শিল্পী এবার আলোচনায় উঠে এলেন এক ভিন্ন কারণে। ভরা কনসার্টে দাঁড়িয়ে পাকিস্তানি শিল্পীদের গান ভারতে এখনো নিষিদ্ধ কিনা, সেই প্রশ্ন তুলেই নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে দর্শকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ করেই এই প্রসঙ্গ তোলেন অরিজিৎ। তিনি বলেন, একটি বিতর্কিত প্রশ্ন তার মনে এসেছে। যদিও এ নিয়ে কথা বলতে তার কোনো ভয় নেই বলেও স্পষ্ট করে দেন শিল্পী।



অরিজিতের ভাষায়, তিনি খুব বেশি খবর অনুসরণ করেন না। তাই জানতে চেয়েছিলেন, পাকিস্তানের শিল্পীদের গান কি এখনো ভারতে বন্ধ রয়েছে, নাকি আবার চালু হয়েছে। কথার মাঝেই নিজের পছন্দের শিল্পীদের নামও উল্লেখ করেন তিনি। জানান, আতিফ আসলাম তার অন্যতম প্রিয় শিল্পী। পাশাপাশি রাহাত ফতেহ আলি খান ও শাফকাত আমানত আলির গানও তার ভীষণ পছন্দ।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই শুরু হয় আলোচনা। কেউ অরিজিতের সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ আশঙ্কা প্রকাশ করেছেন যে এই মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়তে পারেন তিনি। সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, শিল্পের কোনো দেশ বা ধর্ম হয় না, শিল্পীরা সবার জন্যই।

তবে এই বিতর্কের পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক উত্তেজনার ইতিহাস। সীমান্ত পরিস্থিতি এবং একাধিক সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারতীয় বিনোদন অঙ্গনে পাকিস্তানি শিল্পীদের নিয়ে কাজ করার ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া হয়। বিশেষ করে ২০২৫ সালে জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলার পর বিষয়টি আরও তীব্র হয়ে ওঠে।

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজসহ একাধিক সংগঠন পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ না করার আহ্বান জানায়। শুধু সিনেমা নয়, গান, নাটক, পডকাস্ট সব ক্ষেত্রেই শুরু হয় বয়কটের ডাক। বিভিন্ন সংগীত প্রচারমাধ্যম থেকেও পাকিস্তানি শিল্পীদের গান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আসে। এমনকি মাহিরা খান, ফাওয়াদ খান ও হানিয়া আমিরদের কাজ নিয়েও নিষেধাজ্ঞার আলোচনা শুরু হয়।

যদিও এর আগে মুমতাজ এবং করণ জোহরর মতো কয়েকজন তারকা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। তাদের মতে, শিল্প ও প্রতিভাকে সীমান্তের বেড়াজালে আটকে রাখা উচিত নয়।

অরিজিতের সাম্প্রতিক মন্তব্য সেই পুরোনো বিতর্ককেই আবার সামনে নিয়ে এলো। আর তাতেই নতুন করে সরব হয়েছে সামাজিক মাধ্যম।

পিআর/এসএন

মন্তব্য করুন