‘ডন ৩’ বিতর্কে নিষিদ্ধ ঘোষণার পর মুখ খুললেন রণবীর
ছবি: সংগৃহীত
০৯:৪২ এএম | ২৬ মে, ২০২৬
বলিউডে কয়েকদিন ধরেই সবচেয়ে আলোচিত নাম রণবীর সিং। বহু প্রতীক্ষিত সিনেমা ডন ৩ ঘিরে তৈরি হওয়া বিতর্কে অভিনেতাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। আর সেই ঘটনার পর অবশেষে মুখ খুলেছে রণবীরের টিম।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, এতদিন ইচ্ছাকৃতভাবেই নীরব ছিলেন রণবীর। কারণ তিনি মনে করেন, পেশাগত সম্পর্কের জটিলতা প্রকাশ্যে নয়, বরং আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত। তাই বিতর্ক বাড়ানোর বদলে পুরো বিষয়টি শান্তভাবে সামাল দিতেই চেয়েছিলেন তিনি।
রণবীরের মুখপাত্র জানিয়েছেন, ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি এবং এই সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষের প্রতি অভিনেতার গভীর সম্মান রয়েছে। নানা আলোচনা, সমালোচনা এবং জল্পনা তৈরি হলেও তিনি কখনো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চাননি।

একইসঙ্গে জানানো হয়েছে, বর্তমানে নিজের আসন্ন কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন রণবীর। সেই সঙ্গে ‘ডন ৩’-এর সফলতাও কামনা করছেন তিনি। কঠিন পরিস্থিতির মধ্যেও ধৈর্য ও শান্তি বজায় রাখার পক্ষেই অবস্থান নিয়েছেন অভিনেতা।
বিতর্কের শুরু কয়েক মাস আগে। ফারহান আখতার অভিযোগ করেন, তার প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে তিনটি সিনেমার চুক্তি করেছিলেন রণবীর। কিন্তু শুটিং শুরুর অল্প কিছুদিন আগে হঠাৎ করেই একটি প্রজেক্ট থেকে সরে দাঁড়ান তিনি। এতে প্রায় ৪৫ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রযোজনা সংস্থা বলেও দাবি করা হয়।
এই অভিযোগের ভিত্তিতেই অভিনেতার বিরুদ্ধে অবস্থান নেয় ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রণবীরকে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল। এমনকি সংবাদ সম্মেলনের বিষয়েও অবহিত করা হয়। তবে রণবীরের টিম পাল্টা জানায়, এই বিষয়ে সংগঠনের হস্তক্ষেপ করা উচিত নয়।
এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সংগঠন জানিয়ে দেয়, যতদিন না প্রযোজনা সংস্থার দাবি করা ক্ষতিপূরণের বিষয়টি মেটানো হচ্ছে, ততদিন ইন্ডাস্ট্রির সদস্যদের রণবীরের সঙ্গে কাজ না করার আহ্বান জানানো হয়েছে।
তবে এই বিতর্কের মধ্যেও অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, সাম্প্রতিক বছরগুলোতে বলিউডে একাধিক বড় ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন রণবীর সিং। তাই তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত ইন্ডাস্ট্রিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পিআর/এসএন