যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কাছে নতি স্বীকার করবে না ইরান
ছবি: সংগৃহীত
১০:১১ এএম | ২৬ মে, ২০২৬
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের চাপ ও অতিরিক্ত দাবির কাছে আত্মসমর্পণ করবে না। তিনি বলেন, দেশের আলোচকরা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে জাতির অধিকার আদায় করে নেবেন। সোমবার দেশটির চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান একথা বলেন।
তিনি বলেন, সামরিক ফ্রন্টে ব্যর্থ হওয়ার পর শত্রু এখন অর্থনৈতিক যুদ্ধে তাদের প্রচেষ্টা কেন্দ্রীভূত করেছে। পেজেশকিয়ান বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই অতিরিক্ত চাপ ও দাবির কাছে আত্মসমর্পণ করবে না।’
২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডারকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে যুদ্ধ শুরু করে।
এর জবাবে, ইরানের সশস্ত্র বাহিনী ৪০ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়।
প্রেসিডেন্ট আরো বলেন, সামরিক ব্যর্থতার পর শত্রুপক্ষ অর্থনৈতিক যুদ্ধে ঝুঁকে পড়লেও, ‘সরকার এবং বেসরকারি খাত সংহতি, সমন্বয় এবং যৌথ সহযোগিতার মাধ্যমে এই পর্যায়টিও সফলভাবে অতিক্রম করবে।’
সূত্র: প্রেস টিভি
এমআর/টিকে