মোদীকে নিয়ে মন্তব্য ধ্রুবর, জবাবে ইউটিউবারকে ধুয়ে দিলেন রূপালি!
ছবি: সংগৃহীত
১০:৩১ এএম | ২৬ মে, ২০২৬
টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ রূপালি গঙ্গোপাধ্যায় এবার সরাসরি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে। ইউটিউবার ধ্রুব রাঠীর একটি মন্তব্যকে ঘিরে শুরু হওয়া বিতর্কে তিনি কড়া প্রতিক্রিয়া জানিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।
সম্প্রতি ধ্রুব রাঠী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি পোস্ট করেন, যা ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেই পোস্টের জবাবেই রূপালি গঙ্গোপাধ্যায় নিজের অবস্থান স্পষ্ট করেন এবং ইউটিউবারের মন্তব্যের কঠোর সমালোচনা করেন।
রূপালি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ভারতের প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করেছে এবং আন্তর্জাতিকভাবে তাঁকে একাধিক রাষ্ট্রীয় সম্মানেও ভূষিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ পদকে নিয়ে অপমানজনক মন্তব্য গ্রহণযোগ্য নয় বলেও তিনি মত প্রকাশ করেন।
তিনি আরও দাবি করেন, দীর্ঘ সময় ধরে নির্বাচিত হয়ে আসা একজন নেতাকে নিয়ে এই ধরনের মন্তব্য বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। তার বক্তব্যে উঠে আসে, প্রধানমন্ত্রীকে নিয়ে জনগণের আস্থা ও সমর্থনের বিষয়টিও।

অভিনেত্রী নিজের পোস্টে আরও লেখেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়টি দেশের মানুষের হাতেই থাকা উচিত, বিদেশে বসে থাকা কোনো কনটেন্ট নির্মাতার মন্তব্যের ওপর নির্ভর করা উচিত নয়। তাঁর মতে, বাস্তব পরিস্থিতি না জেনে মন্তব্য করা বিভ্রান্তি তৈরি করতে পারে।
এই বিতর্কে শুধু রূপালিই নন, বলিউড অভিনেত্রী গুল পনাগও ধ্রুব রাঠীর মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের প্রধানমন্ত্রীর পদকে নিয়ে বিদেশের মাটিতে অবমাননাকর মন্তব্য করা উচিত নয়।
অন্যদিকে ধ্রুব রাঠীর মূল মন্তব্য ছিল একটি আন্তর্জাতিক সম্মেলন ও সংবাদ প্রশ্নোত্তর পর্বকে কেন্দ্র করে। সেই ঘটনার প্রেক্ষিতে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান, যা থেকেই এই বিতর্কের সূত্রপাত।
পুরো ঘটনাকে কেন্দ্র করে এখন সামাজিক মাধ্যমে দুই ভিন্ন মতের তর্ক আরও জোরদার হয়েছে। একদিকে মত প্রকাশের স্বাধীনতা, অন্যদিকে রাষ্ট্রীয় মর্যাদা এই দুই অবস্থানের টানাপোড়েনে নতুন করে উত্তপ্ত বিনোদন ও রাজনৈতিক আলোচনার ক্ষেত্র।
পিআর/এসএন