রাজনীতি যদি কোনও ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করে, সেটা ভালো তো নয়ই, অস্বাভাবিকও বটে: ঋত্বিক
ছবি: সংগৃহীত
১০:৫৯ এএম | ২৬ মে, ২০২৬
টলিউডের অভ্যন্তরীণ রাজনীতি ও প্রভাব বিস্তার নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তার মতে, কোনো ইন্ডাস্ট্রিকে যদি রাজনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করে, তবে সেটি শুধু অস্বাভাবিকই নয়, বরং ক্ষতিকরও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, গত প্রায় পনেরো বছরে টলিউডে রাজনীতির প্রভাব অনেকটাই বেড়ে গেছে। কাজের পরিবেশের ভেতরে এই প্রভাব থাকা তিনি কোনোভাবেই সমর্থন করেন না বলেও স্পষ্ট জানান অভিনেতা।
ঋত্বিক বলেন, তিনি চান ইন্ডাস্ট্রির পরিচালনা সম্পূর্ণভাবে এই ক্ষেত্রের অভিজ্ঞ ও সংশ্লিষ্ট মানুষদের হাতেই থাকুক। তার বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে কোনো শিল্পক্ষেত্র পরিচালিত হলে তার স্বাভাবিক গতি ব্যাহত হয়।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই এই বিষয়ে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে কেউ কেউ তার পরিচিত। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতাও রয়েছে। তবে তার মতে, ইন্ডাস্ট্রির মতো সৃজনশীল জায়গা রাজনৈতিক প্রভাবমুক্ত থাকাই শ্রেয়।
অভিনেতা স্পষ্টভাবে মন্তব্য করেন, রাজনীতি যদি কোনো শিল্প বা পেশাগত ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তাহলে তা কখনোই ইতিবাচক ফল বয়ে আনে না। বরং এতে স্বাভাবিক পরিবেশ নষ্ট হয় এবং সৃজনশীলতা বাধাগ্রস্ত হয়।
রাজনৈতিক প্রস্তাব বা কোনো দলে যুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ঋত্বিক জানান, তিনি নিজেকে কোনো রাজনৈতিক পরিচয়ে দেখতে চান না। তার ভাষায়, তিনি একজন সাধারণ নাগরিক হিসেবেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই টলিউড মহলে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। অনেকেই মনে করছেন, ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে এ ধরনের মন্তব্য ভবিষ্যতে আরও বড় বিতর্ক তৈরি করতে পারে।
পিআর/এসএন