© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেন জি না, নিজেকে ‘ওল্ড সোল’ বলব: বেদাঙ্গ রায়না

শেয়ার করুন:
জেন জি না, নিজেকে ‘ওল্ড সোল’ বলব: বেদাঙ্গ রায়না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৯ পিএম | ২৬ মে, ২০২৬
মাত্র দুটি ছবিতে অভিনয়ের পরই পরিচালক ইমতিয়াজ আলির ছবিতে সুযোগ পেয়েছেন তরুণ অভিনেতা বেদাঙ্গ রায়না। নতুন ছবি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ঘিরে তাই এখন বেশ আলোচনায় তিনি। তবে নিজেকে প্রচলিত অর্থে জেন জ়ি প্রজন্মের প্রতিনিধি বলতে নারাজ এই অভিনেতা। বরং নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন, তিনি নিজেকে ‘ওল্ড সোল’ বলতেই বেশি স্বচ্ছন্দ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বেদাঙ্গ জানান, নতুন ছবিতে তিনি কিনু নামে এক তরুণের চরিত্রে অভিনয় করছেন। দেশভাগের আগের পাঞ্জাবের প্রেক্ষাপটে তৈরি এই গল্পে কিনু একজন কলেজপড়ুয়া যুবক। সময়ের ব্যবধানে একই চরিত্রের বৃদ্ধ বয়সের রূপে দেখা যাবে নাসিরুদ্দিন শাহকে। ছবিতে কিনু ও জিয়ার প্রেমের গল্পই মূল আকর্ষণ, যেখানে জিয়ার চরিত্রে অভিনয় করেছেন শর্বরী ওয়াঘ।



বেদাঙ্গের কথায়, আবেগ কখনও বদলায় না, শুধু সময় ও ভাষা বদলে যায়। সেই কারণেই পুরোনো সময়ের চরিত্রের সঙ্গে নিজেকে সহজেই যুক্ত করতে পেরেছেন তিনি। চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতে দীর্ঘ গবেষণাও করেছেন অভিনেতা।

তিনি জানান, দেশভাগের আগের ভারতের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বোঝা ছিল সবচেয়ে কঠিন কাজ। বিশেষ করে সেই সময়ের ভয়াবহতা এবং মানুষের মানসিক অবস্থাকে উপলব্ধি করার জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়েছে। পাগড়ি পরে শুটিং করার সময় চরিত্রের দায়িত্ব আরও গভীরভাবে অনুভব করতেন বলেও জানান তিনি।

ইমতিয়াজ আলির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বেদাঙ্গ বলেন, এটি তার কাছে স্বপ্নপূরণের মতো। পরিচালকের কাজের সূক্ষ্মতা এবং প্রতিটি দৃশ্যে আবেগ খুঁজে বের করার ক্ষমতা তাকে মুগ্ধ করেছে।



এত অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেলেও নিজেকে এখনও খুব সাধারণভাবেই দেখতে চান অভিনেতা। তার কথায়, পরিবার, বন্ধু এবং কাছের মানুষরাই তাকে মাটির কাছাকাছি থাকতে সাহায্য করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বেদাঙ্গ জানান, তিনি নির্দিষ্ট কোনো ধরনের চরিত্রের পেছনে ছুটতে চান না। বরং ভালো গল্প এবং ভালো পরিচালকের সঙ্গে কাজ করাই তার প্রধান লক্ষ্য।

পিআর/এসএন

মন্তব্য করুন