© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রণদীপকে নিয়ে নীরজের নতুন সিরিজ ‘ইনস্পেক্টর অবিনাশ’

শেয়ার করুন:
রণদীপকে নিয়ে নীরজের নতুন সিরিজ ‘ইনস্পেক্টর অবিনাশ’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৮ পিএম | ২৬ মে, ২০২৬
পরিচালক নীরজ পাঠক আবারও দর্শকদের সামনে নিয়ে এলেন বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি তার নতুন ওয়েব সিরিজ ইনস্পেক্টর অবিনাশ। সদ্য মুক্তিপ্রাপ্ত এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা রণদীপ হুডাকে। প্রথম ভাগ থেকেই দর্শকের আগ্রহ কাড়তে সক্ষম হওয়া এই সিরিজ নিয়ে এবার মুখ খুললেন নির্মাতা নিজেই।

নীরজ পাঠকের কথায়, বাস্তব জীবনের অবিনাশ মিশ্র চরিত্রের ব্যক্তিত্বই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। একজন সৎ, নির্ভীক এবং দায়িত্বশীল পুলিশ অফিসারের জীবন ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে এই গল্প নির্মাণে অনুপ্রাণিত করেছে।



তিনি জানান, সিরিজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নব্বইয়ের দশকের পরিবেশকে পর্দায় বাস্তবভাবে ফিরিয়ে আনা। বর্তমান সময়ের আধুনিক শহর, গাড়ি বা ফ্যাশনের ভিড়ে সেই সময়ের আবহ তৈরি করা সহজ ছিল না। তবে কস্টিউম, সেট ডিজাইন এবং সংলাপে বিশেষ যত্ন নেওয়ায় শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি সম্ভব হয়েছে।

রণদীপ হুডার সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে পরিচালক বলেন, অভিনেতার কাজের প্রতি নিষ্ঠা পুরো প্রজেক্টকে অন্য মাত্রা দিয়েছে। চরিত্রের ভাষা, উচ্চারণ এবং শরীরী ভাষা আয়ত্ত করতে রণদীপ আলাদা প্রস্তুতি নিয়েছিলেন। এমনকি বাস্তব জীবনের অবিনাশ মিশ্রের সঙ্গেও তার দেখা করানো হয়েছিল, যাতে চরিত্রটি আরও বাস্তব হয়ে ওঠে।

নীরজের মতে, রণদীপের ব্যক্তিত্ব এবং উপস্থিতি এই চরিত্রের জন্য একেবারে উপযুক্ত। সেটে তার একাগ্রতা ও পরিশ্রম পুরো টিমকে অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি।

নিজের দীর্ঘ যাত্রাপথ নিয়েও কথা বলেন পরিচালক। নব্বইয়ের দশকের শুরুতে মুম্বাইয়ে এসে কাজ শুরু করেছিলেন তিনি। লেখক থেকে পরিচালক হয়ে ওঠার এই দীর্ঘ পথচলায় বহু জনপ্রিয় তারকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তার। বর্তমানে সিরিজটি জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে শীর্ষস্থানে রয়েছে বলেও জানান নীরজ।

বলিউডের পরিবর্তন নিয়েও মন্তব্য করেন তিনি। তার মতে, এখন ইন্ডাস্ট্রিতে অনেক বেশি পেশাদারিত্ব এসেছে এবং লেখকদের গুরুত্বও আগের তুলনায় অনেক বেড়েছে। একজন লেখককে যথাযথ সম্মান দিলে পুরো ইন্ডাস্ট্রিই আরও এগিয়ে যাবে বলেও বিশ্বাস তার।



ভবিষ্যতে কী ধরনের গল্প বলতে চান, সেই প্রশ্নে নীরজ জানান, এমন গল্পই তাকে টানে যা দর্শকের মন ছুঁয়ে যায় এবং দীর্ঘদিন মনে থেকে যায়। থ্রিলার, অপরাধভিত্তিক গল্প কিংবা অনুপ্রেরণামূলক কাহিনি সব ধরনের গল্পেই তিনি আগ্রহ খুঁজে পান।

পিআর/এসএন

মন্তব্য করুন