নতুন পরিচয়ে নাজিফা তুষি, জানালেন নিজের অভিজ্ঞতার কথা
ছবি: সংগৃহীত
০১:০৪ পিএম | ২৬ মে, ২০২৬
ছোট ও বড় পর্দার পরিচিত মুখ নাজিফা তুষি এবার দর্শকের সামনে হাজির হচ্ছেন নতুন এক রূপে। অভিনয়ের পাশাপাশি প্রথমবারের মতো সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এই অভিনেত্রী। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘রইদ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি তার গাওয়া একটি গানও থাকছে।
‘পাগলীর প্রেম জ্বালা’ শিরোনামের গানটি ইতোমধ্যেই শ্রোতাদের কৌতূহলের কেন্দ্রে চলে এসেছে। সম্প্রতি রাজধানীর রবীন্দ্রসরোবরে আয়োজিত ‘রইদের গান’ শীর্ষক কনসার্টে গানটি সরাসরি পরিবেশন করেন তুষি। সেখানে দর্শকদের উচ্ছ্বসিত সাড়া ও ভালোবাসা পেয়েছেন তিনি।

নতুন এই অভিজ্ঞতা নিয়ে বেশ আবেগী ও উচ্ছ্বসিত অভিনেত্রী। তুষি বলেন, ‘রইদ’ সিনেমায় আমার কণ্ঠে একটি গান থাকছে, যা আমার জন্য অত্যন্ত বিশেষ। মূলত অভিনয়ের মানুষ হলেও গান সবসময়ই আমার ভেতরের একটি ভালোবাসার জায়গায় ছিল। রইদ টিম যখন আমাকে গানটি গাওয়ার প্রস্তাব দেয়, তখন দর্শক কীভাবে নেবে, তা নিয়ে কিছুটা ভয় কাজ করছিল। তবে রবীন্দ্রসরোবরের কনসার্টে দর্শকের যে পরিমাণ ভালোবাসা ও আন্তরিক প্রতিক্রিয়া পেয়েছি, তা সত্যিই অভাবনীয়।
তুষি আরও বলেন, আমার মনে হয়েছে, গানটি মানুষের হৃদয়ে পৌঁছতে পেরেছে। আসলে ‘রইদ’ সিনেমার গল্প ও এর আবহ একদম মাটির কাছাকাছি, সে অনুভূতিই আমি নিজের কণ্ঠে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
পাগলীর প্রেম জ্বালা গানটির কথা ও সুর করেছেন বশর কোম্পানি এবং এর সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী। উল্লেখ্য, রইদ সিনেমাটিকে কেন্দ্র করে এরই মধ্যে তিনটি গান প্রকাশ পেয়েছে। এর মধ্যে ‘রইদে আইলা গা জুড়াইতে’ গানটি গেয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। এছাড়া প্রয়াত বাউলশিল্পী কানাই দাস বাউলের জনপ্রিয় গান ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ নতুনভাবে সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। সম্প্রতি প্রকাশ পেয়েছে মেঘদল ব্যান্ডের গান ‘রহে না’ও।
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক সাধু, তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং তাদের বাড়ির পাশের একটি তালগাছকে কেন্দ্র করে। নির্মাতারা এই গল্পের মধ্য দিয়ে আদম-হাওয়ার আদিম আখ্যানকে রূপকভাবে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। সিনেমাটিতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েত। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ, রফিকুল ইসলাম পল্টু ও সুকর্ণ শাহেদ ধীমান।
পিআর/এসএন