এখন দায়িত্ব পালনের মধ্যে ঈদের আনন্দ খুঁজে পাই : মনির খান
ছবি: সংগৃহীত
০১:১৩ পিএম | ২৬ মে, ২০২৬
দীর্ঘ তিন দশক ধরে শ্রোতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধাঁচের গান উপহার দিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। বিভিন্ন উৎসব-আয়োজনে নতুন গান প্রকাশ করার পাশাপাশি অডিও রেকর্ডিং, মিউজিক ভিডিওর শুটিং এবং দেশ ও বিদেশে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটে তার। সেই ব্যস্ততা ঈদের সময় কয়েকগুণ বেড়ে যায় বলে জানালেন এ গায়ক।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যম অনলাইনের সঙ্গে ঈদকেন্দ্রিক ব্যস্ততা নিয়ে আলোচনা হয় মনির খানের। আলাপচারিতায় ছোটবেলার ঈদের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ছোটবেলার ঈদের আনন্দ ছিল অন্যরকম। ওই সময় বাবা ও ভাইদের সঙ্গে ঈদের নামাজ পড়তাম। দুপুরে পরিবারের সব সদস্যদের সঙ্গে একসঙ্গে বসে মায়ের হাতের রান্না খাবার খাওয়া হতো। আবার দুপুর গড়িয়ে বিকেল হতেই মহল্লা কিংবা স্কুলের বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, গল্প আর আড্ডা দিয়ে দিন কাটিযে দিতাম।
এ তারকা ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে আরও বলেন, কুরবানি ঈদে পশু জবাইয়ের হয়তো তেমন কোনো মজার স্মৃতি নেই। তবে ছোটবেলার এতটুকু মনে পড়ে, ওই সময় আমি ঘুরে ঘুরে কুরবানির পশু গরু-ছাগল জবাই করা দেখতাম। আমার কাছে এটি ভালো লাগতো।
এরপরই এ গায়ক ছোটবেলার কুরবানির ঈদের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করেন। তিনি বলেন-
ছোটবেলায় যেমন কুরবানির পশু জবাই করা দেখতাম, এখন কিন্তু সেটি হয় না। এখন নিজে কুরবানি দেই। পশু জবাইয়ের পর নিজ হাতে মাংস কাটা, সেসব প্রস্তুত করাসহ ভাগ-বাটোয়ারা করি, আত্মীয়-স্বজনদের মধ্যে বিলি করি। এসব দায়িত্ব পালনের মধ্যেই এখন আনন্দ খুঁজে পাই।

‘অঞ্জনা’ খ্যাত গায়ক বর্তমানে শুধু একজন খ্যাতনামা সংগীতশিল্পীই নন, পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির প্রধান ছিলেন তিনি। নির্বাচনি কার্যক্রমকে অধিকতর গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিএনপিপন্থি গায়ক-গায়িকা ও অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করেছেন। সবমিলে রাজনৈতিক অঙ্গনেও ব্যস্ততা থাকে তার।
মনির খান এসব ব্যস্ততার ব্যাপারে বলেন, মহান আল্লাহ তাআলার রহমতে কীভাবে যেন সব সামলানো হয়ে যায়। তবে এ জন্য নিজের চেষ্টার কোনো ত্রুটি বা ঘাটতি রাখি না আমি। রাজনীতির ক্ষেত্রে নিজের দায়িত্ব ও কর্তব্য পালনের পর বাকি সময় থেকে পরিবার ও পেশাগত কাজ সামলে নেই বলেও জানান তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গায়ক।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে ‘তোমার কোন দোষ নেই’ অ্যালবাম প্রকাশ হয় মনির খানের। ক্যারিয়ারের প্রথম অ্যালবামেই বাজিমাত করেন তিনি। তারপর ‘আট আনার জীবন’, ‘প্রেমের তাজমহল’, ‘একদিন তো হবে কেয়ামত’, ‘৩৬ বাই ৫’, ‘আমার ভালোবাসা ফিরিয়ে দাও’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন।
একক অ্যালবামের পাশাপাশি মিক্সড অ্যালবামও করেছেন। পাশাপাশি বিভিন্ন সময় দেশের বিভিন্ন অঞ্চলে হওয়া বন্যায় ক্ষতিগ্রস্ততের সহায়তায় গান করেছেন। আর নিয়মিত বছরের শুরুতে ‘অঞ্জনা’ গান প্রকাশ করছেন মনির খান।
পিআর/এসএন