নিউইয়র্কে ছেলের সাফল্যে আবেগঘন মুহূর্তে জুহি চাওলা
ছবি: সংগৃহীত
০২:০৭ পিএম | ২৬ মে, ২০২৬
বলিউডের ঝলমলে দুনিয়া থেকে বরাবরই নিজের সন্তানদের খানিক দূরে রেখেছেন নব্বইয়ের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। ছেলে অর্জুন মেহতা এবং মেয়ে জাহ্নবীকে কখনও খুব বেশি প্রচারের আলোয় আনেননি তিনি। তবে এবার সেই অর্জুনকে নিয়েই নতুন করে চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। কারণ আমেরিকার অন্যতম নামী শিক্ষাপ্রতিষ্ঠান কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন জুহির ছেলে।
নিউইয়র্কে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানের একাধিক ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন জুহি। নীল গাউন পরে হাসিমুখে দাঁড়িয়ে থাকা অর্জুনের পাশে ছিলেন বাবা জয় মেহতা, মা জুহি এবং দিদি জাহ্নবী। দীর্ঘদিন পর একসঙ্গে ‘মেহতা’ পরিবারের এমন ছবি দেখে আবেগে ভেসেছেন অনুরাগীরাও। ছেলের সাফল্যে গর্বিত জুহি লিখেছেন, আজকের দিনটা শুধুই অর্জুনের, তাঁর এই অর্জনে গোটা পরিবার ভীষণ খুশি।

তবে এই সাফল্যের পাশাপাশি সবচেয়ে বেশি চর্চা হচ্ছে অর্জুনের পড়াশোনার বিপুল খরচ নিয়ে। নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম ব্যয়বহুল প্রতিষ্ঠান হিসেবেই পরিচিত। সেখানে শুধু বার্ষিক পড়াশোনার খরচই ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ লক্ষ টাকার বেশি। এর সঙ্গে থাকা-খাওয়া, স্বাস্থ্যবিমা, বইপত্র এবং অন্যান্য খরচ যোগ করলে বছরে সেই অঙ্ক পৌঁছে যায় প্রায় ৭৫ লক্ষ টাকায়। অর্থাৎ চার বছরের সম্পূর্ণ কোর্স শেষ করতে খরচ হয়েছে প্রায় তিন কোটির কাছাকাছি।
এই বিপুল ব্যয়ের খবর সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। কেউ বলছেন, এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা সত্যিই বিরাট গর্বের বিষয়। আবার কেউ মধ্যবিত্ত পরিবারের সাধ্যের সঙ্গে এই খরচের তুলনা টেনে বিস্ময় প্রকাশ করেছেন।
অন্যদিকে, বলিউডের বহু তারকাও শুভেচ্ছা জানিয়েছেন অর্জুনকে। শাহরুখ খান থেকে অনিল কাপুর অনেকে জুহির পোস্টে অভিনন্দনের বার্তা লিখেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, শাহরুখ-কন্যা সুহানা খানও এই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। এবার সেই তালিকায় নাম উঠল জুহি-পুত্র অর্জুনেরও।
পিআর/এসএন