৭৮ কোটি ডলার আয় ছাড়াল মাইকেল জ্যাকসনের বায়োপিক
ছবি: সংগৃহীত
০৪:১৭ পিএম | ২৬ মে, ২০২৬
বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দর্শকদের আগ্রহে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে সিনেমাটি। মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমাটি বৈশ্বিক আয় পৌঁছেছে প্রায় ৭৮ কোটি ৮০ লাখ ডলারে। বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই এটি ৮০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলবে।
গত সপ্তাহে আন্তর্জাতিক বাজার থেকেই সিনেমাটি আয় করেছে আরও ২ কোটি ৮৫ লাখ ডলার। এর মধ্যে উত্তর আমেরিকায় আয় প্রায় ৩১ কোটি ৯০ লাখ ডলার, আর বিদেশি বাজার থেকে এসেছে প্রায় ৪৬ কোটি ৮০ লাখ ডলার। এখনো জাপানে মুক্তি না পাওয়ায় ধারণা করা হচ্ছে, সামনে আয় আরও বাড়বে।
চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে ২০১৮ সালের আলোচিত বায়োপিক ‘বোহেমিয়ান র্যাপসোডি’- এর ৯১ কোটি ১০ লাখ ডলারের আয়ও ছাড়িয়ে যেতে পারে ‘মাইকেল’। সেক্ষেত্রে এটি হবে ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা মিউজিক্যাল বায়োপিক। সিনেমাতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকা। আন্তর্জাতিক পরিবেশনায় রয়েছে ইউনিভার্সাল পিকচারস এবং যুক্তরাষ্ট্রে পরিবেশনার দায়িত্বে আছে লায়ন্সগেট।

অন্যদিকে ডিজনির নতুন কমেডি সিক্যুয়েল ‘দ্য ডেভিল উইয়ার্স প্রাডা ২’- ও বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ইতিমধ্যে ৬০ কোটি ডলার ছাড়িয়েছে। শুধু বিদেশি বাজার থেকেই এসেছে প্রায় ৪০ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে নতুন মুক্তিপ্রাপ্ত ‘দ্য ম্যান্ডালোরিয়ান এবং গ্রোগু’ আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। ৫১টি অঞ্চলে মুক্তি পেয়ে সিনেমাটির আয় করেছে ৬ কোটি ৪০ লাখ ডলার। সবচেয়ে বড় বাজার ছিল যুক্তরাজ্য। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহান্তেই সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৮ কোটি ২০ লাখ ডলারে। মেমোরিয়াল ডে ছুটিসহ চার দিনে বিশ্বব্যাপী আয় হয়েছে প্রায় ১৬ কোটি ৫০ লাখ ডলার।
সূত্র: ভ্যারাইটি
এসএ/এসএন