© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপনে ধারণ করা ভিডিও ফাঁসে ক্ষুব্ধ সালমানের ভক্তরা

শেয়ার করুন:
গোপনে ধারণ করা ভিডিও ফাঁসে ক্ষুব্ধ সালমানের ভক্তরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৩ পিএম | ২৬ মে, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমের এই সময়ে তারকাদের ব্যক্তিগত জীবন যেন দিন দিন আরও অনিরাপদ হয়ে উঠছে। তবে বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে সম্প্রতি যা ঘটেছে, তা অনেকের কাছেই ব্যক্তিগত গোপনীয়তার সীমা লঙ্ঘনের চরম উদাহরণ হয়ে উঠেছে। অভিনেতার সম্পূর্ণ অজান্তে তাঁর ঘরের ভেতরের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে বলিউডে।

ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, সারাদিনের কাজ শেষে ক্লান্ত সালমান খান ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর সঙ্গে ডিনার করছেন। ভিডিওটি তাঁর মুম্বাইয়ের বাসভবন নাকি পানভেলের ফার্মহাউস থেকে ধারণ করা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে এটুকু পরিষ্কার, অভিনেতার অনুমতি ছাড়াই অত্যন্ত গোপনে ভিডিওটি ধারণ করা হয়েছে।



ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছেন সালমান খানের অনুরাগীরা। অনেকেই এটিকে একজন মানুষের ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ বলে উল্লেখ করেছেন। নেটিজেনদের একাংশের দাবি, একজন তারকা হলেও নিজের ঘরে ব্যক্তিগত সময় কাটানোর অধিকার তাঁর রয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একজন মানুষ নিজের ঘরে বসে খাবার খাচ্ছেন- সেটি কেন আলোচনার বিষয় হবে?

অনেক ভক্ত আবার এই ঘটনার জন্য তথাকথিত পাপারাজ্জি সংস্কৃতিকেই দায়ী করছেন। তাদের মতে, তারকাদের ব্যক্তিগত মুহূর্তকে গোপনে ধারণ করে ছড়িয়ে দেওয়া শুধু অনৈতিক নয়, বরং এটি চরম অসভ্যতা। সামাজিক মাধ্যমে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন, ভিডিওটি ঘরের ভেতরের বিশেষ কোণ থেকে ধারণ করা হওয়ায় এটি হয়তো বাইরের কারও কাজ নয়, বরং পরিচিত কারও মাধ্যমেই ফাঁস হয়েছে।

এর আগেও হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের আচরণ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন সালমান খান। সেই ঘটনার পর তাঁর সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট সাময়িকভাবে অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়টিও আলোচনায় আসে। আর তার পরপরই ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় নতুন করে সরগরম হয়ে উঠেছে বলিউড অঙ্গন। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো সালমান খান বা তাঁর টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সব বিতর্কের মাঝেও কাজ থেমে নেই এই তারকার। বর্তমানে দক্ষিণের প্রযোজক দিল রাজুর প্রযোজনায় নতুন একটি অ্যাকশনধর্মী সিনেমার কাজ করছেন তিনি। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। এছাড়া তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তিও পিছিয়ে গেছে। নতুন মুক্তির তারিখের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

এসএ/টিকে

মন্তব্য করুন