প্রথমবার জুটি বাঁধছেন রোহন ও নেহা
ছবি: সংগৃহীত
০৭:৫৮ পিএম | ২৬ মে, ২০২৬
অফিসের চাপ, একঘেয়ে জীবন আর একটু শান্তির খোঁজ—এই বাস্তবতাকেই হাস্যরসের মোড়কে তুলে আনছে নতুন ওটিটি সিরিজ ‘প্লে অন’। দুই বন্ধুর জীবনকে ঘিরে তৈরি এই কমেডি সিরিজে দেখা যাবে একের পর এক অদ্ভুত পরিস্থিতি, বিপত্তি আর টিকে থাকার লড়াই। শেষ পর্যন্ত তারা কি সত্যিই খুঁজে পাবে স্বস্তির ঠিকানা, সেই উত্তর মিলবে সিরিজটির গল্পে।
নতুন এই সিরিজটি হতে যাচ্ছে ‘দরশু ওটিটি অরিজিনালস’-এর প্রথম প্রযোজনা। সিরিজের কেন্দ্রীয় দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রোহন ভট্টাচার্য ও সায়ন মুখার্জি। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৈরিতি ব্যানার্জি, নেহা আমনদীপসহ আরও কয়েকজন পরিচিত মুখ। বিশেষ আকর্ষণ হিসেবে এই সিরিজে প্রথমবারের মতো জুটি বাঁধতে দেখা যাবে রোহন ভট্টাচার্য ও নেহা আমনদীপকে।
বর্তমানে দর্শকের বিনোদনের বড় একটি অংশজুড়ে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। অবসরের সঙ্গী হিসেবে সিরিজ ও সিনেমাভিত্তিক এই মাধ্যম দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। বাংলা ওটিটির প্রতিযোগিতার বাজারে এবার নতুন সংযোজন ‘দরশু ওটিটি’। ইতোমধ্যেই টলিউডের কয়েকজন পরিচিত মুখকে নিয়ে যাত্রা শুরু করেছে প্ল্যাটফর্মটি। তারই নতুন আয়োজন ‘প্লে অন’।

সিরিজটি পরিচালনা করেছেন অরিন্দম চক্রবর্তী। বড় পর্দায় কাজের অভিজ্ঞতা থাকা এই নির্মাতা এবার কমেডি ঘরানার গল্প নিয়ে হাজির হচ্ছেন ওটিটিতে। হাস্যরসের পাশাপাশি বন্ধুত্ব, জীবনের চাপ এবং মুক্তির আকাঙ্ক্ষাকে গল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
কমেডি ঘরানায় রোহন ভট্টাচার্য আগেও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। বিভিন্ন ধারাবাহিক ও সিরিজে তাঁর কমিক টাইমিং দর্শকের নজর কেড়েছে বহুবার। অন্যদিকে এই ঘরানায় প্রথমবার কাজ করছেন সায়ন মুখার্জি। তবে বাস্তব জীবনেও দুজনের বন্ধুত্ব বেশ পরিচিত। সেই স্বাভাবিক বোঝাপড়ার প্রভাব পর্দার রসায়নেও ফুটে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে নতুন এই সিরিজটি হাসি, বন্ধুত্ব আর জীবনের চাপ থেকে মুক্তির গল্প নিয়ে দর্শকের সামনে ভিন্নধর্মী অভিজ্ঞতা তুলে ধরতে প্রস্তুত।
এসএ/টিকে