© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রণবীরে বিরুদ্ধে নিষেধাজ্ঞার দ্রুত সমাধান চান মনোজ

শেয়ার করুন:
রণবীরে বিরুদ্ধে নিষেধাজ্ঞার দ্রুত সমাধান চান মনোজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৫ পিএম | ২৬ মে, ২০২৬
বলিউড অভিনেতা রণবীর সিংকে কেন্দ্র করে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা মনোজ বাজপেয়ী। ছবি থেকে আকস্মিক সরে দাঁড়ানোর অভিযোগে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) রণবীর সিংয়ের বিরুদ্ধে ‘অসহযোগিতা’র নির্দেশ জারি করার পর থেকেই উত্তাল বি-টাউন।

নিজের আসন্ন ছবি ‘গভর্নর’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই বিষয়ে প্রশ্ন করা হলে মনোজ বাজপেয়ী আশা প্রকাশ করেন যে, বিষয়টি খুব দ্রুত এবং সৌহার্দ্যপূর্ণভাবে মিটে যাবে। তিনি জানান, ফিল্ম ইন্ডাস্ট্রির বাকি পাঁচটা মানুষের মতোই তারাও এই বিষয়ে সমাজমাধ্যমের সূত্রেই জানতে পারছেন এবং বিস্তারিত কিছু তাদের জানা নেই। তবে সহকর্মী হিসেবে তারা এটাই চান, যেন জলদিই এই সমস্যার সমাধান হয়ে যায়।

মূলত পরিচালক ফারহান আখতারের করা একটি অভিযোগের ভিত্তিতেই সোমবার ফেডারেশনের পক্ষ থেকে রণবীর সিংয়ের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এফডব্লিউআইসিই-এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত এক সংবাদ সম্মেলনে জানান, গত এপ্রিল মাসে ফারহান আখতার রণবীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে জানানো হয়েছিল, শুটিংয়ের জন্য ইউনিটের রওনা হওয়ার মাত্র তিন সপ্তাহ আগে আচমকাই ‘ডন ৩’ প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেন রণবীর, যার ফলে প্রযোজক সংস্থাকে বিশাল ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়। অভিযোগের বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে রণবীরকে তিনবার আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হলেও তার পক্ষ থেকে কোনো জবাব না মেলাতেই শেষ পর্যন্ত এই বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও এই পুরো বিতর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে রণবীর সিংয়ের মুখপাত্রের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, চলচ্চিত্রজগতের সমস্ত কলাকুশলী এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির প্রতি রণবীরের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। পেশাদার আলোচনা ও ব্যক্তিগত সম্পর্ককে সব সময় পরিপক্বতা এবং মর্যাদার সঙ্গে বজায় রাখতেই রণবীর এই বিষয়ে জনসমক্ষে কোনো কাদা ছোড়াছুড়ি না করে নীরবতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কিছু জল্পনা ছড়ালেও তিনি নিজের কাজেই মনোনিবেশ করতে চান এবং এই ফ্র্যাঞ্চাইজির সাফল্য কামনা করেন।

সূত্র: এনডিটিভি

এসএ/টিকে


এসএ/টিকে

মন্তব্য করুন