দীর্ঘ বিরতির পর আলোচনায় পরীমণির নতুন সিনেমা
ছবি: সংগৃহীত
০৯:১৫ পিএম | ২৬ মে, ২০২৬
দীর্ঘ বিরতির পর সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’ দিয়ে অভিনয়ে ফিরেছিলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ২০২৩ সালের অক্টোবরে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হলেও এরপর দীর্ঘ সময় ধরে এর অগ্রগতি কিংবা মুক্তি নিয়ে কোনো নতুন তথ্য সামনে আসেনি। ফলে দর্শকের মাঝেও তৈরি হয়েছিল নানা জল্পনা। অবশেষে সেই নীরবতা ভেঙে সুখবর দিল প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।
জানা গেছে, আসন্ন কোরবানির ঈদকে ঘিরে প্রকাশ পেতে যাচ্ছে সিনেমাটির প্রথম গান। ঈদের আগের দিন জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘জোছনায় ভাসা শহর’ শিরোনামের গানটি। গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক এবং সুর করেছেন দেশবরেণ্য সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ড ‘আভাস’-এর তানজির তুহিন। সংগীতায়োজন করেছেন শাকের রাজা।

প্রথম গান প্রকাশের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে সিনেমাটি ঘিরে। ঈদের পরপরই ‘ডোডোর গল্প’ জমা দেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। ফলে দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটির মুক্তির পথ আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রেজা ঘটকের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় নির্মিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্র ‘কাজল চৌধুরী’ হিসেবে অভিনয় করেছেন পরীমণি। তাঁর বিপরীতে ‘রায়হান’ নামের এক ফটোগ্রাফারের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক সাইমন সাদিককে।
এছাড়াও সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও আহসান হাবিব নাসিমসহ আরও অনেকে।
সব মিলিয়ে দীর্ঘ নীরবতার পর ‘ডোডোর গল্প’ ঘিরে নতুন এই ঘোষণা দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে পরীমণির ভক্তরা এখন অপেক্ষায় রয়েছেন সিনেমাটির গান ও মুক্তির পরবর্তী আপডেটের জন্য।
এসএ/টিকে