© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেডারেশন রণবীরকে ব্যান করতেই কী বললেন সঞ্জয়?

শেয়ার করুন:
ফেডারেশন রণবীরকে ব্যান করতেই কী বললেন সঞ্জয়?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৭ পিএম | ২৬ মে, ২০২৬
বলিউডে ফের বিতর্কের কেন্দ্রে রণবীর সিং। ‘ডন ৩’ থেকে আচমকা সরে দাঁড়ানোকে ঘিরে এবার তাঁর বিরুদ্ধে কড়া অবস্থান নিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযোজকদের করা অভিযোগ খতিয়ে দেখে রণবীর সিংয়ের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করা হয়েছে। এর ফলে নির্দিষ্ট সময় পর্যন্ত ইন্ডাস্ট্রির কোনো সদস্য তাঁর সঙ্গে কাজ করতে পারবেন না বলেও জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে যাওয়াকে কেন্দ্র করে। এর আগে ছবিটির প্রযোজনা সংস্থার তরফে তাঁর বিরুদ্ধে ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি ওঠে। অভিযোগ, একাধিকবার শিডিউল পরিবর্তন এবং শেষ মুহূর্তে প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোয় প্রযোজনা সংস্থার বড় ধরনের ক্ষতি হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই ফেডারেশন বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

ফেডারেশনের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, চলচ্চিত্র জগৎ একটি যৌথ পরিবার, যেখানে প্রতিটি শিল্পী, টেকনিশিয়ান ও প্রযোজক মিলেই একটি কাজ সম্পূর্ণ করেন। তাদের মতে, শেষ মুহূর্তে বড় তারকাদের প্রজেক্ট থেকে সরে যাওয়া পুরো ইন্ডাস্ট্রির কাজের পরিবেশ ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বিবৃতিতে আরও জানানো হয়, ফেডারেশন রণবীর সিংয়ের সঙ্গে আলোচনার চেষ্টা করেছিল, তবে তিনি সেই আলোচনায় রাজি হননি বলেও দাবি করা হয়েছে। এই কারণেই তাঁর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।



তবে এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ভিন্নমত। পরিচালক সঞ্জয় গুপ্তা প্রকাশ্যে রণবীর সিংয়ের পাশে দাঁড়িয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, একজন প্রথম সারির অভিনেতাকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের ফলে প্রকৃত ক্ষতি হচ্ছে টেকনিশিয়ান ও সাধারণ কর্মীদের, যারা একটি সিনেমার সঙ্গে সরাসরি যুক্ত থাকেন। তাঁর মতে, এই সিদ্ধান্তের প্রভাব ইন্ডাস্ট্রির বহু মানুষের জীবিকার ওপর পড়তে পারে।

উল্লেখ্য, ‘ডন ৩’ ঘিরে বিতর্ক দীর্ঘদিন ধরেই চলছিল। প্রথমে ঘোষণা হয়েছিল শাহরুখ খানের জায়গায় রণবীর সিংকে দেখা যাবে। সেই সিদ্ধান্ত নিয়েও শুরু হয়েছিল তীব্র আলোচনা ও বিতর্ক। পরে দীর্ঘ সময় প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকার পর শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ান। তাঁর দাবি ছিল, স্ক্রিপ্টে পরিবর্তনের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।

এরপরই ছবিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অন্যদিকে রণবীর অভিনীত ‘ধুরন্ধর’ মুক্তির পর ব্যাপক সাফল্য পায়, যার পরপরই এই নতুন বিতর্ক আরও তীব্র আকার নেয়।

সব মিলিয়ে ‘ডন ৩’ বিতর্ক এখন শুধু একটি সিনেমার সমস্যা নয়, বরং পুরো বলিউড ইন্ডাস্ট্রির কাজের নীতি ও সম্পর্ক নিয়েই নতুন করে প্রশ্ন তুলেছে।

 এসএ/টিকে

মন্তব্য করুন