© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের জন্মদিন

শেয়ার করুন:
আজ জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের জন্মদিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ এএম | ২৭ মে, ২০২৬
জন্মদিনে আলোচনায় অভিনেত্রী সাবিলা নূর। ছোটবেলার নাচ শেখা থেকে শুরু করে বিজ্ঞাপন, মডেলিং আর অভিনয়ের দীর্ঘ পথ পেরিয়ে আজ তিনি দেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ। দর্শকদের কাছে নিজের স্বাভাবিক অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতির জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছেন এই অভিনেত্রী।

শৈশবেই শিল্প-সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটে সাবিলা নূরের। বুলবুল ললিতকলা একাডেমিতে কত্থক ও আধুনিক নাচ শেখার মধ্য দিয়েই তার শিল্পজগতের যাত্রা শুরু। নাচের প্রতি আগ্রহ থেকেই ধীরে ধীরে ক্যামেরার সামনে আসা। ২০১০ সালে একটি বিজ্ঞাপনের মাধ্যমে প্রথমবারের মতো মিডিয়ায় কাজ শুরু করেন তিনি। শুরুতে শুধুই মডেলিং করলেও অল্প সময়ের মধ্যেই নির্মাতাদের নজরে আসেন সাবিলা।



এরপর ২০১৪ সালে রেদওয়ান রনির ‘ইউটার্ন’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনয়জীবনের নতুন অধ্যায় শুরু হয় তার। প্রথম কাজেই দর্শকদের নজর কাড়েন তিনি। সেই থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন টিভি নাটকে। একের পর এক নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী হিসেবে।

শুধু নাটকেই নয়, বড় পর্দাতেও কাজ করেছেন সাবিলা নূর। ‘তাণ্ডব’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, ফ্যাশন সচেতনতা ও পর্দায় সাবলীল উপস্থিতির কারণে তরুণ প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।

জন্মদিনে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন সাবিলা নূর। অভিনয়ের পথচলায় আরও নতুন কাজ ও চমক নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা তার ভক্তদের।

পিআর/টিকে


মন্তব্য করুন