© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘চুনারি চুনারি’ রিমেক নিয়ে ক্ষুব্ধ অভিজিৎ ভট্টাচার্য

শেয়ার করুন:
‘চুনারি চুনারি’ রিমেক নিয়ে ক্ষুব্ধ অভিজিৎ ভট্টাচার্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৭ এএম | ২৭ মে, ২০২৬
পুরোনো জনপ্রিয় গান নতুনভাবে ফিরিয়ে আনার প্রবণতা এখন বলিউডে বেশ পরিচিত বিষয়। তবে সেই রিমেক যদি দর্শকের প্রত্যাশা পূরণ করতে না পারে, তখনই শুরু হয় বিতর্ক। এবার ঠিক তেমনই এক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘চুনারি চুনারি’-র নতুন সংস্করণ। আর সেই বিতর্কে সরাসরি ক্ষোভ উগরে দিলেন মূল গানের কণ্ঠশিল্পী অভিজিৎ ভট্টাচার্য।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবির নতুন গান ‘চুনারি চুনারি’। এটি ১৯৯৯ সালের জনপ্রিয় সিনেমা ‘বিবি নম্বর ওয়ান’-এর সুপারহিট গানের পুনর্নির্মিত সংস্করণ। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মনে করছেন, নতুন সংস্করণে হারিয়ে গেছে মূল গানের প্রাণ।

এই পরিস্থিতির মধ্যেই এক সাক্ষাৎকারে নিজের অসন্তোষ প্রকাশ করেন অভিজিৎ ভট্টাচার্য। তিনি বলেন, ‘চুনারি চুনারি’ শুধু একটি গান ছিল না, এটি সালমান খানের ক্যারিয়ারের অন্যতম বড় সফলতা। সেই সময় সালমান আজকের মতো সুপারস্টার না হলেও গানটি তাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।



নতুন সংস্করণ নিয়ে কথা বলতে গিয়েই বরুণ ধাওয়ানকে একরকম কটাক্ষ করেন এই গায়ক। তার দাবি, বরুণ বারবার পুরোনো জনপ্রিয় সিনেমা ও গানের ওপর নির্ভর করছেন। বিশেষ করে যেসব কাজের সঙ্গে তার বাবা ডেভিড ধাওয়ানের নাম জড়িয়ে আছে, সেগুলোকেই নতুনভাবে তুলে আনার চেষ্টা করা হচ্ছে। অভিজিৎ স্পষ্ট ভাষায় বলেন, তার গান ব্যবহার করলেই কেউ সালমান খান হয়ে যেতে পারবে না। সালমান ও বরুণের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুধু তাই নয়, নতুন গানটি শুনে অভিজিৎ রসিকতা করে বলেন, এটি নাকি রোমান্টিক গানের চেয়ে ভজনের মতো বেশি শোনাচ্ছে। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে জানান, গানটির রিমেক তৈরির আগে নির্মাতারা তার সঙ্গে কোনো ধরনের আলোচনা করেননি। আগে জানালে হয়তো তিনি এমন সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিতেন। এখন তিনি খুশি যে এই সংস্করণের অংশ হননি, কারণ তার মতে এতে মূল গানের মান নষ্ট হয়েছে।

নতুন ‘চুনারি চুনারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আইপি সিং, জনিতা গান্ধী, আসিস কৌর, সুধীর যদুবংশী ও অনুরাধা শ্রীরাম। গানের দৃশ্যে দেখা গেছে বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে ও ম্রুণাল ঠাকুরকে। নতুন সংস্করণের সংগীত পরিচালনা করেছেন অক্ষয় রাহেজা ও অভিষেক সিং। আর নৃত্য পরিচালনায় ছিলেন রেমো ডি’সুজা।

তবে বিতর্ক শুধু দর্শক প্রতিক্রিয়াতেই সীমাবদ্ধ নেই। গানটির পুনর্নির্মাণ নিয়ে প্রযোজক বাসু ভাগনানি, রমেশ তৌরানি ও ডেভিড ধাওয়ানের মধ্যেও মতবিরোধ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, অনুমতি ছাড়াই একটি জনপ্রিয় গানের নতুন সংস্করণ তৈরি করা হয়েছে। যদিও বিষয়টিকে আর্থিক বিরোধ নয়, বরং নৈতিক প্রশ্ন হিসেবেই দেখছেন বাসু ভাগনানি।

ডেভিড ধাওয়ান পরিচালিত ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ আগামী ৫ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে সিনেমা মুক্তির আগেই ‘চুনারি চুনারি’ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা এখন বলিউডের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

পিআর/টিকে


মন্তব্য করুন