© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করতেই কী বললেন দেব?

শেয়ার করুন:
নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করতেই কী বললেন দেব?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১১ এএম | ২৭ মে, ২০২৬
রাজনীতির ময়দানে মতভেদ থাকলেও ব্যক্তিগত সম্পর্ক আর পারস্পরিক সম্মান কীভাবে ধরে রাখতে হয়, তার অন্যতম উদাহরণ অভিনেতা দেব। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সক্রিয় মুখ হলেও বিরোধী দল বা রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে কখনও কটাক্ষ করতে দেখা যায়নি তাকে। বরং সবসময়ই সংযত ভাষায় কথা বলে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা-সাংসদ।

সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে করা এক প্রশ্নের উত্তরে ফের সেই পরিচিত সংযমী অবস্থানেই দেখা গেল দেবকে। একটি অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, তিনি যেমন মেদিনীপুরের মানুষ, তেমনই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মেদিনীপুরের ভূমিপুত্র। বিষয়টি তিনি কীভাবে দেখছেন?

প্রশ্ন শুনে হাসিমুখেই উত্তর দেন দেব। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ভালোই তো! মেদিনীপুর সব সময় এগিয়ে ছিল, আছে, থাকবে।” তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক উত্তেজনার আবহেও দেবের শান্ত ও ইতিবাচক প্রতিক্রিয়া অনেকের নজর কাড়ে।

রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও টলিউডে প্রায় সব পক্ষের মানুষের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে দেবের। অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবের প্রশংসা করে বলেন, তিনি সবসময় সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করেন এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেন। অন্যদিকে বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গেও দেবের সম্পর্ক বরাবরই আন্তরিক।



বিজেপি সরকার গঠনের পরও নতুন প্রশাসনকে শুভেচ্ছা জানাতে দেখা যায় দেবকে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছিলেন, এখন তার মূল মনোযোগ থাকবে বাংলা চলচ্চিত্র শিল্পের উন্নয়নে। রাজনীতির চেয়ে ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়েই বেশি ভাবছেন তিনি।

এদিকে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও নতুন সরকারের সক্রিয়তা ইতোমধ্যেই আলোচনায় এসেছে। আর সেই বিষয়েও আশাবাদী দেব। তার প্রত্যাশা, নতুন সরকার বাংলা চলচ্চিত্র শিল্পকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে। রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে সুস্থ ও স্বাধীন পরিবেশে টলিউড এগিয়ে যাক, এমন প্রত্যাশাই এখন শিল্পী মহলের বড় অংশের।

পিআর/টিকে

মন্তব্য করুন