© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের কোন শহরে সবচেয়ে বেশি শোনা হয় অরিজিৎ-এর গান!

শেয়ার করুন:
ভারতের কোন শহরে সবচেয়ে বেশি শোনা হয় অরিজিৎ-এর গান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৪ এএম | ২৭ মে, ২০২৬
দেশজুড়ে কোটি কোটি সংগীতপ্রেমীর হৃদয়ে রাজত্ব করছেন অরিজিৎ সিং। প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিলেও তার জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে আরও বেড়েছে তার গানের আবেদন। ইউটিউবের সাম্প্রতিক পরিসংখ্যানই যেন সেই প্রমাণ দিল আবারও।

২০২৬ সালের ২০ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভারতের বিভিন্ন শহরে সবচেয়ে বেশি শোনা শিল্পীদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অরিজিৎ। ইউটিউব চার্টে টানা ৫০০ সপ্তাহের বেশি সময় ধরে জায়গা ধরে রাখা এই গায়কের গান কোন শহরে সবচেয়ে বেশি শোনা হয়, তা নিয়েও এখন ভক্তদের মধ্যে বাড়ছে কৌতূহল।

তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। গত ২৮ দিনে সেখানে অরিজিতের গান ইউটিউবে প্রায় ৫৮ দশমিক ২ মিলিয়ন বার দেখা ও শোনা হয়েছে। সংগীতপ্রেমীদের এই বিপুল সাড়া তাকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে পাটনা। এই শহরে অরিজিতের গান পেয়েছে প্রায় ৫২ মিলিয়ন ভিউ। এরপর তৃতীয় স্থানে আছে বেঙ্গালুরু, যেখানে তার গানের ভিডিও দেখা হয়েছে প্রায় ৪৯ দশমিক ৭ মিলিয়ন বার।

চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে পুনে। সেখানে গত এক মাসে অরিজিতের গান দেখার সংখ্যা পৌঁছেছে প্রায় ৪৮ দশমিক ৯ মিলিয়নে। আর পঞ্চম স্থানে রয়েছে কলকাতা। পশ্চিমবঙ্গের এই শহরে তার গান শুনেছেন লাখো ভক্ত, যার মোট ভিউ প্রায় ৪৩ দশমিক ৫ মিলিয়ন।



তালিকার ছয় নম্বরে রয়েছে হায়দরাবাদ। সেখানে অরিজিতের গান পেয়েছে প্রায় ৩৭ দশমিক ৯ মিলিয়ন ভিউ। আর সপ্তম স্থানে আছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ, যেখানে তার গানের ভিউ দাঁড়িয়েছে প্রায় ৩৭ দশমিক ৭ মিলিয়নে।

১৯৮৭ সালের ২৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম নেওয়া অরিজিৎ সিং আজ বিশ্বজুড়ে জনপ্রিয় এক নাম। পাঞ্জাবি বাবা ও বাঙালি মায়ের সন্তান এই শিল্পীর সংগীতের হাতেখড়ি হয়েছিল মায়ের কাছেই। খ্যাতির শীর্ষে পৌঁছেও নিজের শেকড় ভুলে যাননি তিনি। কাজের প্রয়োজনে মুম্বাইয়ে থাকলেও সুযোগ পেলেই ফিরে যান জিয়াগঞ্জে। স্থানীয় মানুষের সঙ্গে সাধারণভাবেই সময় কাটাতে দেখা যায় তাকে।

ব্যক্তিজীবনেও বেশ শান্ত স্বভাবের অরিজিৎ। ২০১৪ সালে ছোটবেলার বন্ধু কোয়েল রায়কে বিয়ে করেন তিনি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে পরিবারকেন্দ্রিক জীবনই বেশি উপভোগ করেন এই গায়ক।

পিআর/টিকে


মন্তব্য করুন