ভাঙলেন প্রাইভেট ইমেজ, পাপারাজ্জিদের সামনে পোজ দিয়ে ছবি তুললেন সানির স্ত্রী পূজা!
ছবি: সংগৃহীত
১১:৫৪ এএম | ২৭ মে, ২০২৬
বলিউডের আলোচিত তারকা পরিবারগুলোর মধ্যে দেওল পরিবার অন্যতম। তবে এই পরিবারের নারী সদস্যদের খুব কমই প্রকাশ্যে দেখা যায়। বিশেষ করে সানি দেওলের স্ত্রী পূজা দেওল বরাবরই থেকেছেন প্রচারের আলো থেকে দূরে। ক্যামেরা, অনুষ্ঠান কিংবা পাপারাজ্জিদের ভিড় সবকিছু এড়িয়ে ব্যক্তিগত জীবনেই স্বস্তি খুঁজেছেন তিনি। কিন্তু এবার সেই চেনা ছবিতে দেখা গেল ভিন্নতা।
সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে সানি দেওলের সঙ্গে দেখা যায় পূজা দেওলকে। আর সেখানেই দীর্ঘদিনের ব্যক্তিগত ইমেজ ভেঙে ক্যামেরার সামনে হাসিমুখে ধরা দেন তিনি। পাপারাজ্জিদের উপস্থিতি টের পেয়েও অস্বস্তি নয়, বরং স্বাভাবিকভাবেই হাসতে দেখা যায় তাকে। মুহূর্তেই সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, গাড়ির সামনের আসনে বসেছিলেন সানি দেওল আর পেছনে ছিলেন পূজা। বিমানবন্দরে পৌঁছে দুজন একসঙ্গে ভেতরে প্রবেশ করেন। সানি পরেছিলেন খাকি রঙের শার্ট ও নীল জিন্স, চোখে ছিল কালো চশমা। অন্যদিকে পূজাকে দেখা যায় আরামদায়ক পোশাকে। ক্যামেরা দেখেই মৃদু হাসেন তিনি। যদিও আলাদা করে পোজ দেননি, তবু তার এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিই নজর কাড়ে সবার।
এর আগেও ছেলে করণ দেওলের বিয়েতে অল্প সময়ের জন্য ক্যামেরার সামনে দেখা গিয়েছিল পূজাকে। তবে এবার বিমানবন্দরের এই উপস্থিতিকে অনেকেই দেখছেন তার দীর্ঘদিনের আড়াল ভাঙার ইঙ্গিত হিসেবে।
দেওল পরিবারের নারীদের নিয়ে বরাবরই কৌতূহল রয়েছে ভক্তদের মধ্যে। অনেকের ধারণা, পরিবারের নিয়মের কারণেই তারা প্রচারের আলো থেকে দূরে থাকেন। তবে এ বিষয়ে আগেই মুখ খুলেছিলেন সানি দেওল। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, পরিবারের নারীদের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না। পূজা নিজেই ব্যক্তিগত জীবন পছন্দ করেন এবং লেখালেখি নিয়েই ব্যস্ত থাকেন বেশিরভাগ সময়।
জানা যায়, ১৯৮৪ সালে বিয়ে করেন সানি ও পূজা। তখন সানি দেওল বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেছেন মাত্র। সেই সময় ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন অভিনেতা। পরে তাদের সংসারে জন্ম নেয় দুই ছেলে করণ ও রাজবীর দেওল।
শুধু পূজাই নন, দেওল পরিবারের অন্য নারীদেরও খুব কম দেখা যায় জনসমক্ষে। ধর্মেন্দ্রর স্ত্রী প্রকাশ কৌর, মেয়েরা অজিতা ও বিজেতা— সবাই বরাবর থেকেছেন প্রচারের বাইরে। তবে হেমা মালিনীর বড় মেয়ে ঈশা দেওল অভিনয়ে এলেও বাবার মতো সাফল্য পাননি।
সম্প্রতি ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়ার সময় পরিবারের সদস্যদের একসঙ্গে দেখা যায়। সেই অনুষ্ঠানেও আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল দেওল পরিবারকে ঘিরে।
পিআর/টিকে