বাড়িতেও নেই নিরাপত্তা, ব্যক্তিগত ভিডিও ফাঁস হতেই রেগে আগুন সালমান ভক্তরা
ছবি: সংগৃহীত
১২:২০ পিএম | ২৭ মে, ২০২৬
বলিউডের ভাইজান সালমান খানকে ঘিরে ফের তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার অনুরাগীরা। বিষয়টি ঘিরে শুরু হয়েছে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন নিয়েও নতুন করে আলোচনা।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি বন্ধুর বাড়িতে নৈশভোজে অংশ নিয়েছেন সালমান খান। সেখানে তাকে ক্লান্ত অবস্থায় বসে থাকতে, আড্ডা দিতে এবং খাবার গ্রহণ করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই কেউ কেউ দাবি করেন, তিনি হয়তো অতিরিক্ত ক্লান্ত বা মদ্যপ অবস্থায় ছিলেন, যার কারণে তার আচরণ স্বাভাবিক ছিল না।
তবে ভিডিওটি ঘিরে মূল বিতর্ক তৈরি হয়েছে অন্য জায়গায়। একেবারেই ব্যক্তিগত মুহূর্তের এই দৃশ্য কীভাবে প্রকাশ্যে এলো, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনুরাগীরা। সামাজিক মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন তারকার ব্যক্তিগত পরিসরেও এভাবে নজরদারি ও ছবি ছড়িয়ে দেওয়া অনুচিত।

অনেক ভক্তই বিষয়টিকে গোপনীয়তার চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তাদের মতে, তারকাদের ব্যক্তিগত জীবনেও কিছুটা স্বস্তি ও নিরাপত্তা থাকা উচিত, যা এই ঘটনার মাধ্যমে প্রশ্নের মুখে পড়েছে।
এর আগেও বলিউডে তারকাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা অবস্থার ছবি ফাঁস হওয়ার ঘটনায় তীব্র সমালোচনা হয়েছিল। সেই ঘটনার পর আবারও একই ধরনের প্রশ্ন উঠল সালমান খানকে ঘিরে।
বর্তমানে এই ভিডিও ঘিরে বলিপাড়ায় নতুন করে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনুরাগীদের একাংশ দাবি করছেন, তারকাদের ব্যক্তিগত মুহূর্তকে সম্মান করা উচিত এবং এ ধরনের ভিডিও প্রচার বন্ধ হওয়া প্রয়োজন।
পিআর/টিকে