ফের ২৫ বছর পর ফিরছে ‘লাগান’ জুটি!
ছবি: সংগৃহীত
১২:৫০ পিএম | ২৭ মে, ২০২৬
প্রায় ২৫ বছর পর আবারও একসঙ্গে বড় পর্দার গল্প বলতে চলেছেন বলিউডের জনপ্রিয় জুটি আমির খান ও পরিচালক আশুতোষ গোয়ারিকর। ‘লাগান’-এর মতো ঐতিহাসিক সাফল্যের পর এই নতুন সহযোগিতা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে চলচ্চিত্র মহলে।
জানা যাচ্ছে, এবার এই জুটি ভারতের কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের জীবনকে কেন্দ্র করে একটি বায়োপিক নির্মাণের পরিকল্পনা করছেন। শুধু ক্রিকেট নয়, ছবিতে উঠে আসতে পারে দেশভাগের যন্ত্রণা এবং সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটও।
২০০১ সালে মুক্তি পাওয়া ‘লাগান’ ভারতীয় সিনেমার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করেছিল। দীর্ঘ আড়াই দশক পর সেই সফল জুটির পুনর্মিলনকে ঘিরে প্রত্যাশা এখন আকাশছোঁয়া। ভক্তদের মধ্যে প্রশ্ন, আবার কি তারা একই রকম ম্যাজিক ফিরিয়ে আনতে পারবেন?
বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন আমির খান। ‘লাহোর ১৯৪৭’-এর প্রযোজনার পাশাপাশি তিনি দাদাসাহেব ফালকের জীবন নিয়ে একটি বায়োপিকেও কাজ করছেন বলে জানা গেছে। এছাড়া পরিচালক লোকেশ কনাগরাজের সঙ্গে একটি সুপারহিরো ঘরানার বড় বাজেটের ছবিতেও যুক্ত রয়েছেন তিনি।

নতুন এই বায়োপিকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে ফারহান আখতারকে। সূত্র অনুযায়ী, তিনি লালা অমরনাথের এক ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় অভিনয় করতে পারেন, যিনি দেশভাগের পর পাকিস্তানে থেকে যান। এই চরিত্রটি গল্পের আবেগ ও দ্বন্দ্বকে আরও গভীর করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া শোনা যাচ্ছে, ছবিটির প্রযোজনায় একাধিক বড় প্রযোজনা সংস্থা যুক্ত থাকতে পারে। সব মিলিয়ে ‘লাগান’ জুটির এই নতুন যাত্রা নিয়ে বলিউডে এখন থেকেই শুরু হয়েছে জোর আলোচনা।
পিআর/টিকে