ফের ওটিটি প্লাটফর্মে রোহান ভট্টাচার্য!
ছবি: সংগৃহীত
১২:৫৮ পিএম | ২৭ মে, ২০২৬
ছোট পর্দা থেকে বড় পর্দা পেরিয়ে ওটিটি দুনিয়াতেও নিজের জায়গা করে নিয়েছেন অভিনেতা রোহান ভট্টাচার্য। এবার নতুন এক ওয়েব সিরিজে আবারও তাঁকে দেখা যাবে ভিন্ন চরিত্রে। সিরিজের নাম ‘প্লে অন’, যা মুক্তি পেতে চলেছে দর্শু ওটিটি অরিজিনালে।
এই সিরিজে রোহানের বিপরীতে দেখা যাবে ‘যোগমায়া’ খ্যাত অভিনেত্রী নেহা আমনদীপকে। দীর্ঘদিন পর নতুন এই অনস্ক্রিন জুটি ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল তৈরি হয়েছে।

গল্পের কেন্দ্রে রয়েছে দুই বন্ধুর জীবন, যারা অফিসের চাপে নাজেহাল। প্রতিদিনের একঘেয়েমি ও কাজের চাপ থেকে বেরিয়ে নতুন কিছু শুরু করার স্বপ্ন দেখে তারা। কিন্তু সেই স্বপ্নের পথে হঠাৎই নেমে আসে অপ্রত্যাশিত বিপদ। সেই পরিস্থিতি সামলে তারা আদৌ জীবনে সুখ খুঁজে পায় কি না, সেটাই সিরিজের মূল টান।
রোহান ও সায়ন মুখোপাধ্যায় এই দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে নেহা আমনদীপ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরিতি বন্দ্যোপাধ্যায়কেও। যদিও গল্পটি সিরিয়াস ইস্যুকে কেন্দ্র করে এগোয়, তবে নির্মাতারা এটিকে সাজিয়েছেন কমেডির মোড়কে, যাতে দর্শকদের বিনোদনও বজায় থাকে।
পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম চক্রবর্তী। এর আগে একাধিক পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করে তিনি দর্শকদের মন জয় করেছেন। ফলে এই সিরিজ নিয়েও প্রত্যাশা রয়েছে দর্শকমহলে।
জানা গেছে, ইতিমধ্যেই সিরিজের শুটিং শেষ হয়েছে। খুব শিগগিরই প্রকাশ পাবে টিজার, এরপর ঘোষণা করা হবে মুক্তির তারিখ।
পিআর/টিকে