© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিয়্যালিটি শো থেকে বাদ? মুখ খুললেন গায়ক ও সুরকার বিশাল দাদলানি

শেয়ার করুন:
রিয়্যালিটি শো থেকে বাদ? মুখ খুললেন গায়ক ও সুরকার বিশাল দাদলানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৫ পিএম | ২৭ মে, ২০২৬
নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্ককে ঘিরে দেশজুড়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে সরব হয়ে ফের আলোচনার কেন্দ্রে এলেন গায়ক ও সুরকার বিশাল দাদলানি। সরকারের ভূমিকা নিয়ে তাঁর মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা জল্পনা। সবচেয়ে বেশি চর্চা ছড়ায় এই দাবি ঘিরে যে, একটি জনপ্রিয় রিয়্যালিটি শো থেকে নাকি তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য পরিচিত বিশাল দাদলানি। নিট কাণ্ড নিয়ে সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি কঠোর ভাষায় মন্তব্য করে লেখেন, এমন পরিস্থিতির জন্য দায়ীদের ক্ষমতায় রাখা উচিত নয়। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবুও সেই পোস্ট ঘিরে শুরু হয় নানা ব্যাখ্যা ও গুঞ্জন।



এরপরই গুজব ছড়িয়ে পড়ে যে, একটি জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো থেকে তাঁকে নাকি বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে অনলাইনে দ্রুত উত্তেজনা ছড়ালেও পরে নিজেই সেই জল্পনায় জল ঢালেন বিশাল।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট জানান, এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে তিনি ইঙ্গিত করেন, ইন্টারনেটে ছড়ানো সব খবর বিশ্বাস করা ঠিক নয়, কারণ ভুয়ো তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি তিনি নিজের মত প্রকাশের অবস্থান থেকে পিছিয়ে আসবেন না বলেও ইঙ্গিত দেন।

এরপর আরও সরাসরি বিষয়টি পরিষ্কার করতে একটি ভিডিও শেয়ার করেন এই গায়ক। সেখানে দেখা যায়, তিনি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সেটে বসে হাস্যরসের ভঙ্গিতে পুরো গুজকেই খণ্ডন করছেন। ভিডিওর শেষ অংশে মজার ছলে তিনি জানান, তিনি এখনো শোয়ের সঙ্গেই আছেন।

এই ভিডিও প্রকাশের পরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। তাঁর অনুরাগীরা বিষয়টি নিয়ে স্বস্তি প্রকাশ করেন এবং অনেকেই বলেন, কোনো তারকা সামাজিক বা রাজনৈতিক বিষয়ে মন্তব্য করলেই তাকে ঘিরে ভুল তথ্য ছড়ানো এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

পিআর/টিকে

মন্তব্য করুন