সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় থাকতে পছন্দ করি না: রাইমা সেন
ছবি: সংগৃহীত
০১:১৩ পিএম | ২৭ মে, ২০২৬
অভিনেত্রী রাইমা সেনের মতে, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যক্তিগত জীবন প্রকাশ করলে তারকাদের জীবনের রহস্য ও আকর্ষণ নষ্ট হয়ে যায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এভাবেই নিজের মতামত তুলে ধরেছেন, যেখানে তিনি বর্তমান সময়ের তারকা সংস্কৃতি নিয়ে খোলামেলা কথা বলেন।
রাইমা সেন জানান, তিনি সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় থাকতে পছন্দ করেন না। তার মতে, এখন অনেক অভিনেতা-অভিনেত্রীই নিজেদের দৈনন্দিন জীবন, ভাবনা ও ব্যক্তিগত মুহূর্ত নিয়মিতভাবে অনলাইনে শেয়ার করেন। এতে ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেও, তারকাদের ঘিরে যে রহস্য বা কৌতূহল থাকা দরকার, তা অনেকটাই হারিয়ে যাচ্ছে।

তার বক্তব্য অনুযায়ী, আগে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে একটা স্বাভাবিক দূরত্ব ছিল, যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করত। সেই কৌতূহলই অনেক সময় অভিনেতা-অভিনেত্রীদের পর্দার উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলত। কিন্তু এখন সবকিছু সহজেই জানা যাচ্ছে বলে সেই আলাদা আগ্রহ আর থাকছে না বলে মনে করেন তিনি।
রাইমা আরও বলেন, একজন শিল্পীর ব্যক্তিগত জীবন যদি সবসময় প্রকাশ্যে থাকে, তাহলে তার মধ্যে আলাদা করে কোনো আকর্ষণ বা রহস্য থাকে না। তার মতে, কিছুটা ব্যক্তিগত পরিসর বজায় রাখাই একজন শিল্পীর জন্য গুরুত্বপূর্ণ, যাতে দর্শকদের কাছে তার উপস্থিতি বিশেষ অনুভূতি তৈরি করতে পারে।
বর্তমানে কাজের দিক থেকেও ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় তৈরি নতুন ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এ তাকে দেখা যাবে, যা ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।
পিআর/টিকে