© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীপিকাকে নিয়ে মন্তব্য করায় বিতর্কে ইমতিয়াজ আলি

শেয়ার করুন:
দীপিকাকে নিয়ে মন্তব্য করায় বিতর্কে ইমতিয়াজ আলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৯ পিএম | ২৭ মে, ২০২৬
বলিউড পরিচালক ইমতিয়াজ় আলির একটি সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে তাঁর বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও ব্যাখ্যা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমতিয়াজ আলি দীপিকার ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে গিয়ে জানান, পর্দায় তাঁকে অনেকেই ‘গুড গার্ল’ ইমেজে দেখেন, তবে বাস্তবে তিনি আরও বেশি প্রাণবন্ত ও আবেগপ্রবণ। পরিচালক আরও বলেন, ‘ককটেল’ ছবির ভেরোনিকা চরিত্রে কাস্ট করার সময় থেকেই তিনি দীপিকার মধ্যে সেই আবেগের গভীরতা দেখেছিলেন, যা অনেকের কাছে তখন স্পষ্ট ছিল না।



এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই নেটমাধ্যমে শুরু হয় বিতর্ক। অনেকেই বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে থাকেন, কেউ কেউ আবার দাবি করেন বক্তব্যটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে। পরিস্থিতি দ্রুত জটিল হলে শেষ পর্যন্ত নিজেই সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা দেন ইমতিয়াজ় আলি।

সেখানে তিনি দীপিকার উদ্দেশে একটি দীর্ঘ বার্তা শেয়ার করে লেখেন, তাঁর মন্তব্য সম্পূর্ণ ইতিবাচক এবং বন্ধুত্বপূর্ণ প্রসঙ্গেই বলা হয়েছিল। তিনি স্পষ্ট করেন যে, দীপিকার প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা অটুট এবং তাঁর কথাকে ভুলভাবে না বোঝার অনুরোধ জানান।

পরিচালক আরও জানান, সাধারণত তিনি এই ধরনের ব্যাখ্যা দিতে চান না, তবে এই ক্ষেত্রে কোনও ভুল বোঝাবুঝির সুযোগ রাখতে চাননি। তাই আগেই বিষয়টি পরিষ্কার করা জরুরি মনে করেছেন তিনি।

ইমতিয়াজ আলি ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক দীর্ঘদিনের। ‘লাভ আজ কাল’ ও ‘তামাশা’ ছবিতে একসঙ্গে কাজ করে তাঁরা বলিউডে এক বিশেষ জুটি হিসেবে পরিচিতি পেয়েছেন। দুই পক্ষেরই বক্তব্যে স্পষ্ট, পেশাগত সম্পর্কের পাশাপাশি তাঁদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বও রয়েছে।

বর্তমানে দু’জনেই একাধিক বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত। এই ঘটনার মধ্যেও তাঁদের সম্পর্ক যে অটুট, তা পরিচালক নিজের বক্তব্যের মাধ্যমেই স্পষ্ট করেছেন।

পিআর/টিকে

মন্তব্য করুন