ঈদে প্রকাশ পাচ্ছে পরীমনির সিনেমার নতুন গান
ছবি: সংগৃহীত
০১:৪১ পিএম | ২৭ মে, ২০২৬
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র পরিমনি অভিনীত ‘ডোডোর গল্প’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছেই। এরই মধ্যে জানা গেল, এবারের ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে সিনেমাটির নতুন গান ‘জোছনায় ভাসা শহর’। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজির তুহিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।
সিনেমাটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। গত ১৯ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ‘ডোডোর গল্প’র ড্রাফট কপি জমা দিয়েছেন নির্মাতারা। ঈদের পর টেকনিক্যাল শো শেষে প্রয়োজনীয় সংশোধন করে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘জোছনায় ভাসা শহর’ গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। সংগীতায়োজন করেছেন শাকের রাজা। নির্মাতার ভাষ্য, এটি কেবল একটি গান নয়, বরং সিনেমার আবেগ ও গল্পের গুরুত্বপূর্ণ অংশ।
গানটি নিয়ে প্রিন্স মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরেই প্রতি ঈদে নতুন গান প্রকাশের একটি ধারা রয়েছে তার। এবারও ভিন্ন কিছু করার চেষ্টা করেছেন। তার ভাষায়, এটি কোনো বাণিজ্যিক গান নয়; বরং আবেগ অনুভব করার মতো একটি সৃষ্টি।
গানটির কয়েকটি লাইন এরই মধ্যে আগ্রহ তৈরি করেছে শ্রোতাদের মধ্যে-“কারো ধার ধারছিনা মনে রাখিস, কোনো ছাড় ছাড়ছিনা মনে রাখিস, তুই ছাড়া কেউ নেই, নেই তো আর, ভেতরের আমিটা ছারখার।”
গানটি প্রসঙ্গে তানজির তুহিন বলেন, প্রিন্স মাহমুদ যে অনুভূতি নিয়ে গানটি তৈরি করেছেন, সেই আবেগ নিয়েই তিনি কণ্ঠ দিয়েছেন। শ্রোতাদের ভালো লাগলেই তার পরিশ্রম সার্থক হবে বলেও জানান এই শিল্পী।
চলচ্চিত্রটির পরিচালক রেজা ঘটক জানান, গানটি তৈরির আগে সিনেমার আবেগ, দৃশ্য ও চরিত্রের অবস্থান নিয়ে একাধিকবার আলোচনা করেছেন তারা। সেই ভাবনা থেকেই গানটির সুর ও কথা তৈরি হয়েছে।
দেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প’ সিনেমায় অভিনয় করেছেন পরীমনি, সাইমন সাদিকসহ আরও অনেকে।
পিআর/টিকে