সত্যিই কী নিষিদ্ধ রণবীর সিং? বিতর্কে নতুন মোড়
ছবি: সংগৃহীত
০২:১৬ পিএম | ২৭ মে, ২০২৬
বলিউডে রণবীর সিংকে ঘিরে ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে যে বিতর্ক শুরু হয়েছিল, তা এখন আরও নতুন মোড় নিয়েছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)-এর পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারির পর বিষয়টি ঘিরে শুরু হয় জোর আলোচনা, যেখানে অনেকেই একে ‘নিষেধাজ্ঞা’ বলে ব্যাখ্যা করেন।
তবে এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন এফডব্লিউআইসিই-র প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত। তিনি জানিয়েছেন, রণবীর সিংকে কোনওভাবেই নিষিদ্ধ করা হয়নি। তাঁর মতে, এটি কোনও আদালতের রায় নয়, বরং একটি অভ্যন্তরীণ সিদ্ধান্ত, যার উদ্দেশ্য ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষা করা।
অশোক পণ্ডিতের বক্তব্য অনুযায়ী, ফেডারেশনের অন্তর্গত প্রায় ৩০টি বিভাগের সদস্যরা আপাতত রণবীর সিংয়ের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন, যতক্ষণ না বিষয়টির সমাধান হয়। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ এখনও খোলা রয়েছে।

এই পুরো বিতর্কের সূত্রপাত হয় ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের আকস্মিক সরে দাঁড়ানোকে কেন্দ্র করে। অভিযোগ, ছবির প্রি-প্রোডাকশন থেকে শুরু করে প্রোমো শুট পর্যন্ত অনেক কাজ এগিয়ে গিয়েছিল, ফলে প্রযোজনা সংস্থার বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।
এফডব্লিউআইসিই-র দাবি, তারা বিষয়টি নিয়ে আলোচনার জন্য অভিনেতাকে একাধিকবার আমন্ত্রণ জানালেও তিনি উপস্থিত হননি। পরে তাঁর টিমের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি ফেডারেশনের আওতার মধ্যে পড়ে না, যা নিয়ে আরও অসন্তোষ তৈরি হয়।
তবে বর্তমান অবস্থায় কেউই এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখাতে চাইছেন না। অশোক পণ্ডিত জানিয়েছেন, রণবীর যদি প্রযোজক ও ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসেন, তাহলে সমাধানের পথ বেরোতে পারে এবং ক্ষতিপূরণ নিয়েও আলোচনা সম্ভব।
এদিকে এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত রণবীর সিং প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি বিষয়টি শান্তিপূর্ণভাবে মেটানোর পক্ষেই রয়েছেন।
পিআর/টিকে