‘ডন ৩’ নিয়ে কী অভিমান জমে আছে রণবীরের মনে?
ছবি: সংগৃহীত
০৩:০৫ পিএম | ২৭ মে, ২০২৬
রণবীর সিং ও ‘ডন ৩’ ঘিরে বিতর্ক এখন বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়ের প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানিয়েছেন, সংগঠন একাধিকবার অভিনেতার সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। এমনকি তিনবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সহযোগিতা মেলেনি বলে দাবি করেছেন তিনি।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, রণবীর সিংয়ের ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিষয়টি সমাধানের উদ্দেশ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও অভিনেতার অনুপস্থিতি আলোচনাকে এগোতে দেয়নি। পরে অভিনেতা ইমেল পাঠিয়ে জানান, বিষয়টি তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না।
অশোক পণ্ডিত আরও বলেন, রণবীর যদি প্রযোজক ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনায় বসতেন, তাহলে সমস্যার সমাধান সহজ হতো। তবে এখন সংগঠন অন্য প্রযোজক এবং চলচ্চিত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করবে।

অন্যদিকে রণবীরের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, ‘ডন ৩’ নিয়ে মতবিরোধই এই সিদ্ধান্তের মূল কারণ। শোনা যাচ্ছে, অভিনেতা চিত্রনাট্যে আরও বেশি অ্যাকশন ও তীব্রতা চেয়েছিলেন, যা নির্মাতাদের পরিকল্পনার সঙ্গে মিলছিল না। পাশাপাশি শুটিং শুরুর বিলম্বও তাঁর অসন্তোষ বাড়িয়ে তোলে। সব মিলিয়ে শেষ পর্যন্ত তিনি প্রকল্প থেকে সরে দাঁড়ান বলে জানা যায়।
এই ঘটনার পর রণবীরের নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত অভিনেতার কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় কৌতূহল আরও বাড়ছে।
পিআর/টিকে