ছাদ থেকে পড়ে গুরুতর আহত অনীক দত্ত, হাসপাতালে পরিচালক
ছবি: সংগৃহীত
০৩:২০ পিএম | ২৭ মে, ২০২৬
বাংলা চলচ্চিত্র জগতে হঠাৎই নেমে এল উদ্বেগের ছায়া। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে পরিচালক অনীক দত্ত-কে। বুধবার দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় নিজের বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। ঘটনার পর তড়িঘড়ি তাঁকে ঢাকুরিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পরিচালকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন অনীক দত্ত। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে খবর ছড়িয়ে পড়তেই টলিউডে উদ্বেগ ছড়িয়েছে। পরিচালক ঘনিষ্ঠ মহলের অনেকেই হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখছেন।
অনীকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, একটি ঘটনা ঘটেছে ঠিকই, তবে এই মুহূর্তে তিনি বিস্তারিত কিছু বলতে চান না। পরে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন।

দুই হাজার বারো সালে মুক্তিপ্রাপ্ত ভূতের ভবিষ্যৎ ছবির মাধ্যমে বাংলা সিনেমায় আলাদা পরিচিতি তৈরি করেছিলেন অনীক দত্ত। ভৌতিক গল্পের আবরণে রাজনৈতিক ও সামাজিক ব্যঙ্গ মিশিয়ে তৈরি সেই ছবি দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায়। এরপর আশ্চর্য প্রদীপ ছবিতেও সমাজ বাস্তবতার অন্য মাত্রা তুলে ধরেছিলেন তিনি।
পরবর্তীতে অভিনেতা জিতু কমল-কে নিয়ে তৈরি করেন অপরাজিত। সত্যজিৎ রায়ের জীবন ও সৃষ্টিকে ঘিরে নির্মিত সেই ছবি সমালোচক এবং দর্শক দুই মহলেই প্রশংসিত হয়। বর্তমানে তিনি অপরাজিত ২-এর কাজ নিয়েও ব্যস্ত ছিলেন বলে জানা গেছে।
কিছু দিন আগেই নিজের ছবি যত কাণ্ড কলকাতায় মুক্তির সময় অনীক দত্ত বলেছিলেন, এটাই হয়তো তাঁর শেষ ছবি হতে পারে। সেই মন্তব্য নতুন করে মনে করিয়ে দিচ্ছে পরিচালকের শারীরিক অবস্থার দীর্ঘ দিনের লড়াইয়ের কথা।
শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরে তিনি বাড়িতে একাই থাকতেন। তাঁর কন্যা মুম্বইয়ে থাকেন। ফলে এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যেও বাড়ছে উৎকণ্ঠা।
পিআর/টিকে