© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের আগেই বিপাকে ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’, এখনো জমা পড়েনি ডিসিপি

শেয়ার করুন:
ঈদের আগেই বিপাকে ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’, এখনো জমা পড়েনি ডিসিপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০০ পিএম | ২৭ মে, ২০২৬
ঈদকে কেন্দ্র করে যখন দেশের সিনেমা অঙ্গনে চলছে ব্যাপক প্রস্তুতি, তখনই ডিজিটাল সিনেমা প্যাকেজ (ডিসিপি) জমা দিতে দেরি হওয়ায় জটিলতায় পড়েছে স্টার সিনেপ্লেক্স। সময়মতো ডিসিপি না পাওয়ায় ঈদের কিছু সিনেমার প্রদর্শনী ও অগ্রিম টিকিট বিক্রি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

মঙ্গলবার বিকেল পর্যন্ত ঈদের বেশির ভাগ সিনেমার ডিসিপি সিনেপ্লেক্সে পৌঁছায়নি বলে জানা যায়। পরে ধাপে ধাপে কিছু সিনেমার ডিসিপি জমা পড়ে, যার মধ্যে রয়েছে ‘রইদ’, ‘মালিক’, ‘পিনিক’ এবং ‘বনলতা সেন’। এসব সিনেমা প্রদর্শনী নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

তবে বুধবার দুপুর পর্যন্ত ঈদের আলোচিত দুটি সিনেমা ‘রকস্টার’ এবং ‘মাসুদ রানা’র ডিসিপি এখনো সিনেপ্লেক্সে পৌঁছায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা ও মিডিয়া ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।



দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘রইদ, মালিক, পিনিক ও বনলতা সেন সিনেমার ডিসিপি আমরা পেয়েছি। এগুলো প্রদর্শনে কোনো সমস্যা নেই। কিন্তু রকস্টার ও মাসুদ রানার ডিসিপি এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি।’ তিমেসবাহ উদ্দিন আহমেদ আরো বলেন, ‘গত ঈদের অভিজ্ঞতার পর নির্মাতাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল। আমরা বারবার এ দায় নিতে পারি না। সঠিক সময়ে ডিসিপি না এলে শো চালানো আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। কালকে ঈদ, এখন পর্যন্ত কেন তারা ডিসিপি জমা দিতে পারছেন না, সেটা তারা ভালো বলতে পারবেন। এখন তো কিছু হলেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবাই সিনেপ্লেক্সের দোষ দিয়ে দেয়।

আমরা নাকি সিন্ডিকেট করি, শো দিই না। কিন্তু তারা যদি সঠিক সময়ের মধ্যে ডিসিপি জমা না দেয় এবং সেই ডিসিপি যদি আমাদের সার্ভারের সঙ্গে ম্যাচ না করে, তাহলে আমরা শো কিভাবে দেব!’ ডিসিপি সংক্রান্ত কোনো সমস্যার কারণে গত ঈদের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে বলে তিনি সতর্ক করেন এবং এর দায় নেবেন না বলেও স্পষ্ট করেন।

এদিকে ‘রকস্টার’ সিনেমার সহ-প্রযোজক রিজুতি আহমেদ স্বর্ণা জানান, শুটিং ও পোস্ট-প্রডাকশনের কাজ শেষ করতে দেরি হওয়ায় ডিসিপি জমা দিতে বিলম্ব হয়েছে। তবে দ্রুতই তা সিনেপ্লেক্সে পৌঁছে যাবে বলে তিনি জানান।

দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘মূলত প্রিন্স সিনেমার কারণেই এমনটা হচ্ছে। তাদের শিডিউলের কারণে আমাদেরটাও অনেক পেছায়। এরপর সে সময়ের মধ্যে শুটিং শেষ করা, পোস্ট প্রডাকশনের কাজ- সব কিছু মিলিয়ে দেরি হয়ে গেছে। তবে এখন পর্যন্ত সব কিছু সম্পন্ন। আশা করছি কিছুক্ষণের মধ্যে ডিসিপি পৌঁছে যাবে।’

অন্যদিকে ‘মাসুদ রানা’ সিনেমার প্রযোজক আব্দুল আজিজ বলেন, অতিরিক্ত শুটিং ও শেষ মুহূর্তের কাজের কারণে ডিসিপি দিতে দেরি হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই সিনেপেক্সে ডিসিপি পৌঁছে যাবে।

উল্লেখ্য, কোনো সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য ডিসিপি সরবরাহ বাধ্যতামূলক। এতে সামান্য টেকনিক্যাল ত্রুটি থাকলেও নতুন করে প্যাকেজ তৈরি করতে হয়, যা সময়সাপেক্ষ। গত ঈদেও একই ধরনের জটিলতায় পড়েছিল প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। এবারও সেই আশঙ্কা পুরোপুরি কাটেনি।

এসএ/এসএন

মন্তব্য করুন