© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোদির প্রশংসায় পঞ্চমুখ তুষার কাপুর!

শেয়ার করুন:
মোদির প্রশংসায় পঞ্চমুখ তুষার কাপুর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৭ পিএম | ২৭ মে, ২০২৬
বলিউডে পা রাখার পর কেটে গেছে দীর্ঘ ২৫ বছর। এই বিশেষ মুহূর্তে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতির পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মুখ খুললেন অভিনেতা তুষার কাপুর। আর সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে দিলেন এক তাৎপর্যপূর্ণ মন্তব্য। অভিনেতার দাবি, ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্ম প্রকৃত অর্থে রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ, সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবং সাধারণ মানুষের রাজনৈতিক আগ্রহ নিয়ে প্রশ্ন করা হয় তুষারকে। সেখানেই খোলাখুলি নিজের মতামত জানান তিনি। অভিনেতার কথায়, একটা সময় ছিল যখন রাজনীতি নিয়ে তাঁর নিজেরও তেমন কোনো আগ্রহ ছিল না। শুধু তিনি নন, তাঁর প্রজন্মের অনেকেই বিনোদন আর ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত থাকতেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবনার সুযোগ কিংবা আগ্রহ- কোনোটাই তেমন ছিল না।

তবে গত এক দশকে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে বলেই মনে করছেন তুষার। তাঁর কথায়, এখন তিনি দেশের রাজনীতির প্রতিটি খবর রাখেন। কোন রাজ্যে কোন দলের সরকার, কোথায় কী রাজনৈতিক ঘটনা ঘটছে-  সবকিছুতেই নজর থাকে তাঁর। এমনকি নিয়মিত রাজনৈতিক আলোচনা ও বিতর্কমূলক অনুষ্ঠানও দেখেন তিনি।



নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রসঙ্গ টেনে তুষার বলেন, ২০১৪ সালের পর থেকেই দেশের মানুষ রাজনীতিকে নতুনভাবে দেখতে শুরু করেছে। কেউ মোদিকে পছন্দ করতেই পারেন, আবার নাও করতে পারেন- সেটি ব্যক্তিগত বিষয়। কিন্তু তাঁর মতে, এটা অস্বীকার করার উপায় নেই যে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা অনেক বেড়েছে।

এই বক্তব্যের পক্ষে উদাহরণ হিসেবে ভোটদানের হারকেও সামনে আনেন অভিনেতা। তাঁর মতে, এখন মানুষ নিজেদের ভোটাধিকার ও তার গুরুত্ব বুঝতে শিখেছে বলেই বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে যাচ্ছেন। গণতন্ত্রের জন্য এটিকে ইতিবাচক পরিবর্তন বলেই মনে করেন তিনি।

শুধু সমাজ নয়, এই পরিবর্তনের প্রভাব তাঁর নিজের পরিবারেও পড়েছে বলে জানান তুষার কাপুর। অভিনেতার দাবি, তাঁর মা শোভা কাপুর আগে কখনোই রাজনীতি নিয়ে তেমন আলোচনা করতেন না। কিন্তু এখন তিনিও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিয়মিত খোঁজখবর রাখেন। পরিবারের আলোচনার টেবিলেও এখন রাজনীতি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

তুষারের এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই বলিউডে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করছেন, কেউ আবার ভিন্নমতও দিচ্ছেন। তবে অভিনেতা স্পষ্ট করে দিয়েছেন, একটি সুস্থ গণতন্ত্রের জন্য নাগরিকদের রাজনৈতিক সচেতনতা অত্যন্ত জরুরি। আর ভারতের বর্তমান প্রজন্ম সেই দিকেই এগোচ্ছে বলেই তাঁর বিশ্বাস।

এসএ/এসএন

মন্তব্য করুন