অনীকদা সত্যিই অপরাজিত মানুষ: রুদ্রনীল ঘোষ
ছবি: সংগৃহীত
০৭:৪১ পিএম | ২৭ মে, ২০২৬
টালিউডের অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেছেন, ‘অনীকদা সত্যিই অপরাজিত মানুষ। মৃত্যুর ঘটনা যন্ত্রণার। তবে নতুন সরকার এসেছে, আমাদের মুখ্যমন্ত্রী বারবার যে বার্তা দিয়েছেন, কোনও কিছু আর চেপে দেয়া হবে না। অনীকদার মৃত্যুর কারণ, আমাদের ভাই রাহুলের মৃত্যুর কারণ সামনে আসবে।'
‘ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্রের পরিচালক অনীক দত্তের মৃত্যুর খবর শুনে বুধবার (২৭ মে) সন্ধ্যায় হাসপাতালে পৌঁছান অভিনেতা রুদ্রনীল ঘোষ। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবেগঘন প্রতিক্রিয়া দেন তিনি। তার কথায় বারবার উঠে আসে অনীক দত্তর ব্যক্তিত্ব, আপসহীন মনোভাব এবং কাজের প্রতি অনুরাগের স্মৃতি।
রুদ্রনীল বলেন, ‘যারা শিল্পজগতের সদস্য, তারা প্রত্যেকেই ব্যথিত। এটা বিশ্বাসযোগ্য মনে করার মতো খবর নয়। আমার ক্ষেত্রেও বলতে পারি, ইনি এমন একজন মানুষ ছিলেন, যার সঙ্গে তর্ক আর ঝগড়া করার পর অদ্ভুত এক শান্তি আসত। অনীকদা অনীকদাই। এটা অপূরণীয় ক্ষতি।’

অভিনেতার কথায়, বাংলা সিনেমা শুধু একজন পরিচালককে হারাল না, হারাল এক স্বতন্ত্র চিন্তার মানুষকে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, `অনীকদা নিজস্বতায় বাঁচতেন। আপসের রাস্তায় কোনদিন যেতেন না।'
পুরনো দিনের স্মৃতিও তুলে আনেন রুদ্রনীল। তিনি জানান, চলচ্চিত্রে আসার বহু আগে থেকেই বিজ্ঞাপনের জগতে পরিচিত মুখ ছিলেন অনীক দত্ত। সেই সময় একসঙ্গে কাজও করেছেন তারা। অভিনেতার কথায়, `বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করেছি। এক অন্য ধারায় তিনি বিজ্ঞাপন বানাতেন। সকলেই জানেন, বিজ্ঞাপনের জগতে তার নাম কত বড় ছিল।'
এরপর সিনেমায় হাত দেয়া এবং তাদের কাজের সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। `ভূতের ভবিষ্যত’ ছবিতে আমার সঙ্গে কাজের কথা হয়েছিল। তিনি ফোন করে খুব অদ্ভুতভাবে বলেছিলেন, ‘এই রুদ্র, চিনতে পারছো? আমরা একসঙ্গে কাজ করতাম।’ এটাই অনীকদা,' বলেন রুদ্রনীল।
বুধবার দুপুরে ঢাকুরিয়ার কাছে একটি হাসপাতালে অনীক দত্তের মৃত্যু হয়েছে বলে খবর নিশ্চিত করেছে সংবাদ প্রতিদিন, এই সময়সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম।
গণমাধ্যমে জানানো হয়, বুধবার অনীক দত্ত হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা সংকটজনক বলে জানান চিকিৎসকরা। পরে সেখানেই তার মৃত্যু হয়। অনীক দত্ত দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন বলেও জানা গেছে।
এসএ/এসএন