শাহরুখ কেন ফিরলেন না ‘ডন ৩’-এ? আবারও নতুন করে বিতর্ক
ছবি: সংগৃহীত
০৮:০৭ পিএম | ২৭ মে, ২০২৬
বলিউডে বহু প্রতীক্ষিত সিনেমা ‘ডন ৩’ ঘিরে আবারও নতুন করে বিতর্ক ও জল্পনা তৈরি হয়েছে। একদিকে রণবীর সিংয়ের প্রকল্প থেকে সরে দাঁড়ানো, অন্যদিকে শাহরুখ খানকে ঘিরে পুরোনো সিদ্ধান্তের ব্যাখ্যা- সব মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ফ্র্যাঞ্চাইজি।
ডন ৩ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা চলছে। পরিচালনায় রয়েছেন ফারহান আখতার। শুরুতে এই ছবির জন্য রণবীর সিংকে চূড়ান্ত করা হলেও পরবর্তীতে তিনি প্রকল্প থেকে সরে দাঁড়ান বলে জানা যায়। এরপর থেকেই ছবির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও বেড়ে যায়।
এর আগেও একই ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি কিস্তিতে দেখা গেছে বলিউডের দুই প্রজন্মের তারকাকে। ১৯৭৮ সালে অমিতাভ বচ্চন অভিনীত মূল ‘ডন’ চরিত্রটি যেমন দর্শকপ্রিয়তা পায়, তেমনি প্রায় আঠাশ বছর পর ফারহান আখতারের রিমেকে শাহরুখ খান সেই চরিত্রে নতুন মাত্রা যোগ করেন। পরবর্তীতে ‘ডন ২’ বক্স অফিসে সফলতা পায় এবং স্বাভাবিকভাবেই তৃতীয় পর্ব নিয়ে আগ্রহ তৈরি হয়।

তবে এবার প্রশ্ন উঠছে, কেন প্রথমেই শাহরুখ খান এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছিলেন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিত্রনাট্য নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে না পারায় তিনি ‘ডন ৩’ না করার সিদ্ধান্ত নেন। তাঁর মতে, ডন চরিত্রটি অত্যন্ত আইকনিক, তাই সম্পূর্ণ আত্মবিশ্বাস ছাড়া এই ভূমিকায় ফেরা ঠিক হবে না।
অন্যদিকে কিছু সূত্রের দাবি, ফারহান আখতার নাকি চিত্রনাট্যে আরও পরিবর্তন এনে নতুনভাবে পরিকল্পনা সাজিয়েছেন, যাতে ভবিষ্যতে শাহরুখকে ফেরানোর সম্ভাবনা তৈরি হয়।
এই জল্পনার মধ্যেই আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে, শাহরুখ কি নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন? যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সব মিলিয়ে রণবীরের সরে দাঁড়ানো, শাহরুখকে ঘিরে পুরোনো ব্যাখ্যা এবং নতুন পরিকল্পনার গুঞ্জন- সবকিছু মিলিয়ে ‘ডন ৩’ এখন বলিউডের সবচেয়ে আলোচিত ও অনিশ্চিত প্রকল্পগুলোর একটি।
এসএ/এসএন