© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনীক দত্তর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন নওশাবা

শেয়ার করুন:
অনীক দত্তর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন নওশাবা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৪ পিএম | ২৭ মে, ২০২৬
টলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত নির্মাতা অনীক দত্ত-র আকস্মিক মৃত্যুতে স্তব্ধ দুই বাংলার চলচ্চিত্র অঙ্গন। বুধবার নিজের আবাসন থেকেই উদ্ধার করা হয়েছে এই নির্মাতার নিথর দেহ। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে তদন্ত এখনো চলছে এবং ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

এই আকস্মিক ঘটনায় শোকাহত হয়েছেন অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে অনুরাগীরাও। বিশেষ করে গভীরভাবে ভেঙে পড়েছেন বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। অনীক দত্ত পরিচালিত শেষ সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। নির্মাতার মৃত্যুসংবাদ শুনেই কান্নায় ভেঙে পড়েন নওশাবা।

স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, অনীক দত্ত শুধু একজন পরিচালক ছিলেন না, বরং অভিভাবকের মতো ছিলেন তাঁর জীবনে। বাবার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে লেখা কিছু আবেগঘন পোস্ট পড়ে প্রথম তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন অনীক দত্ত। সেই পরিচয়ই ধীরে ধীরে গভীর সম্পর্কের রূপ নেয়।

নওশাবা জানান, ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার জন্য তাকে প্রস্তুত করতে ব্যক্তিগতভাবে অনেক সময় দিয়েছেন এই নির্মাতা। অভিনয় থেকে শুরু করে শিল্পবোধ, এমনকি সত্যজিৎ রায় ও কলকাতার সংস্কৃতি নিয়েও দীর্ঘ আলোচনা করতেন তিনি। সিনেমায় তাঁর চরিত্রের নামও পরে বদলে ‘সাবা’ রাখা হয়েছিল বলে জানান অভিনেত্রী।

চলতি মাসেই শেষবারের মতো দীর্ঘ সময় কথা হয়েছিল তাদের। তখনও নতুন সিনেমা নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছিলেন অনীক দত্ত। বিশেষ করে নিজের আদি বাড়ি কুমিল্লায় সেই সিনেমা মুক্তি পাওয়ার স্বপ্নের কথাও ভাগ করে নিয়েছিলেন তিনি।

কথা বলতে বলতেই বারবার আবেগে ভেঙে পড়ছিলেন নওশাবা। তাঁর ভাষায়, মানুষকে কখনো শুধুই স্মৃতি বলে ভাবা যায় না। অনীক দত্ত এমন একজন মানুষ, যাঁর আশীর্বাদ ও প্রভাব তিনি সারাজীবন অনুভব করবেন।

সব মিলিয়ে অনীক দত্তর প্রয়াণ শুধু টলিউড নয়, দুই বাংলার সংস্কৃতি অঙ্গনের জন্যই এক অপূরণীয় ক্ষতি হয়ে রইল।


এসএ/টিএ

মন্তব্য করুন