© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনীকের মৃত্যুসংবাদে ভেঙে পড়লেন শ্রীলেখা

শেয়ার করুন:
অনীকের মৃত্যুসংবাদে ভেঙে পড়লেন শ্রীলেখা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২১ পিএম | ২৭ মে, ২০২৬
বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিশিষ্ট নির্মাতা অনীক দত্ত-র আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন টলিউডের তারকা, নির্মাতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ঘনিষ্ঠজনেরা। দুপুরের সেই দুঃসংবাদ যেন মুহূর্তেই স্তব্ধ করে দেয় পুরো চলচ্চিত্র অঙ্গনকে।

প্রথমে এই খবর বিশ্বাসই করতে পারেননি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পরে হাসপাতালে পৌঁছে প্রায় কান্নায় ভেঙে পড়েন তিনি। শোকাহত মুখে দ্রুত হাসপাতালের ভেতরে ঢুকে পড়তে দেখা যায় অভিনেত্রীকে। একই সময়ে সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা জীতু কমল-ও।

নির্মাতার মৃত্যু ঘিরে রহস্যের আবহ আরও ঘনীভূত হয়েছে। প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানা গেছে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত এখনো চলছে।

অনীক দত্ত বরাবরই স্পষ্টভাষী ও বামপন্থী মতাদর্শের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাই তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সিপিএমের একাধিক নেতা-নেত্রীও। সেখানে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, দীপ্সিতা ধর, শতরূপ ঘোষ এবং সৃজন ভট্টাচার্য।

চলচ্চিত্র অঙ্গন থেকেও একে একে হাসপাতালে পৌঁছান অনীক দত্তর দীর্ঘদিনের সহকর্মী ও ঘনিষ্ঠরা। সেখানে দেখা যায় প্রযোজক ফিরদৌসল হাসান-কে। পাশাপাশি উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল এবং মানসী সিংহ।

‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমায় অভিনয় করা অভিনেত্রী মুমতাজ সরকার-ও এই খবর শুনে হাসপাতালে ছুটে আসেন। সঙ্গে ছিলেন তার বোন মানেকা। শোকস্তব্ধ মুখে হাসপাতালে দেখা যায় সুরকার দেবজ্যোতি মিশ্র-কেও। পরে সেখানে যোগ দেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

সব মিলিয়ে অনীক দত্তর মৃত্যু যেন শুধু একজন পরিচালকের বিদায় নয়, টলিউডের একটি স্পষ্ট, প্রতিবাদী ও ব্যতিক্রমী কণ্ঠের চিরবিদায় হয়ে উঠেছে।

এসএ/টিএ

মন্তব্য করুন