© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নায়িকা ববির বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি

শেয়ার করুন:
নায়িকা ববির বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ পিএম | ২৮ মে, ২০২৬
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে অবস্থিত অভিনেত্রীর নিজস্ব ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

চুরির বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক। তিনি জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা গেছে, ববির মা বর্তমানে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। এ ছাড়া তার বোনেরা অস্ট্রেলিয়ায় থাকেন। ফলে বাসায় অভিনেত্রী একাই ছিলেন। গত ২৫ মে একটি নতুন প্রজেক্টের শুটিংয়ে অংশ নিতে বাসা থেকে বের হন তিনি।

পরে মঙ্গলবার রাতে গৃহপরিচারিকার ফোনে বাসায় চুরির খবর পান।

খবর পেয়ে দ্রুত শুটিং স্পট থেকে বাসায় ফিরে আসেন ববি। বাসায় ঢুকে তিনি দেখতে পান, শোবার ঘরের আলমারিগুলো তছনছ অবস্থায় পড়ে আছে। জানালা ও বারান্দার দুটি গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে।



প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব করে জানা গেছে, বাসা থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, দামি ঘড়ি ও নগদ অর্থ খোয়া গেছে।

যার মধ্যে রয়েছে ৩০ লাখ টাকা মূল্যের ৫ জোড়া স্বর্ণের চুড়ি, ১০ লাখ টাকার ৭ জোড়া কানের দুল, ৩ লাখ টাকার ৩টি নেকলেস, ২ লাখ টাকার ৮টি লকেট, ২৮ লাখ টাকার ১২টি স্বর্ণের চেইন, আড়াই লাখ টাকার ৭টি ডায়মন্ডের নাকফুল, ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ৫টি দামি হাতঘড়ি এবং ড্রয়ারে থাকা নগদ ৬ লাখ টাকা। সব মিলিয়ে আনুমানিক ৮৫ লাখ ৭০ হাজার টাকার সম্পদ ও নগদ অর্থ চুরি হয়েছে।

ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন ববি। তিনি জানান, পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় শুটিংয়ের প্রয়োজনে বাসা ফাঁকা রেখেছিলেন। সেই সুযোগেই চোরচক্র ঘটনাটি ঘটিয়েছে।

চুরির বিষয়টি জানার পরপরই তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ দ্রুত চোর শনাক্ত ও মালামাল উদ্ধারের আশ্বাস দিয়েছে বলে জানান এই অভিনেত্রী।

এসএন 

মন্তব্য করুন