অনীক দত্তের মৃত্যুতে শোকাহত জয়া
ছবি: সংগৃহীত
০৩:৫৭ পিএম | ২৮ মে, ২০২৬
কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনীক দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেত্রী জয়া আহসান। আকস্মিক এই মৃত্যুসংবাদে শোকাহত স্মৃতিচারণায় ডুব দিয়েছেন তিনি।
অনীক দত্তকে স্মরণ করে জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনানন্দ দাশের কবিতার কয়েকটি পঙক্তি তুলে ধরেন। তিনি লেখেন, ‘শোনা গেল লাশকাটা ঘরে নিয়ে গেছে তারে/কাল রাতে- ফাল্গুনের রাতের আঁধারে/যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ/মরিবার হলো তার সাধ-যদিও ফাল্গুন নয়, আজ কি পঞ্চমী তিথি? জানি না…। তবু আজ মনে মনে যতবার অনীকদার মুখের দিকে দেখছি, জীবনানন্দের এই কবিতা আমায় আষ্টেপৃষ্ঠে ধরছে।’
নিজের স্মৃতিচারণায় জয়া তুলে আনেন অনীক দত্ত পরিচালিত আলোচিত চলচ্চিত্রগুলোর কথা। বিশেষ করে ‘ভূতের ভবিষ্যৎ’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘বরুণবাবুর বন্ধু’ ও ‘অপরাজিতা’-র মতো সিনেমাগুলোর মাধ্যমে নির্মাতা দর্শকদের ভিন্নধর্মী জীবনবোধের গল্প উপহার দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
জয়া আহসান লেখেন, “একটা নিরন্তর ফাঁক থেকে গেল বুঝি বা। এই চলে যাওয়া তো কেবল চলে যাওয়া নয়, গুণমুগ্ধ দর্শকদের বুড়ো আঙুল দেখিয়ে চলে যাওয়া যেন। ‘ভূতের ভবিষ্যত’ থেকে ‘আশ্চর্য প্রদীপ’, ‘বরুণবাবুর বন্ধু’ থেকে ‘অপরাজিত’- এ তো স্যাটায়ার থেকে জীবনের অভিযান।
কিংবা উল্টোটা। সে যাই হোক, সেটাই তো যাপন। সেই যাপনেই উজ্জ্বল হয়ে থেকে যাবেন অনীক দত্ত।”
প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার দুপুরে নিজের বাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন অনীক দত্ত। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে গড়িয়াহাট থানার পুলিশ। তবে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে বলে জানা গেছে।
এসএ/এসএন