আমার মনে হয় ঈদের দিন মানেই শুধু সাজগোজ: পারিশা জান্নাত
ছবি: সংগৃহীত
০৫:৩০ পিএম | ২৮ মে, ২০২৬
দেশজুড়ে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। উৎসবের এই দিনটিতে ছোটবেলার নানা স্মৃতি ভিড় করে আসে সবার মনে। শোবিজ তারকারাও এর ব্যতিক্রম নন। কোরবানির ঈদ নিয়ে এক বিশেষ সাক্ষাৎকারে নিজের শৈশব ও বর্তমানের নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ পারিশা জান্নাত।
ঈদের দিনের ব্যস্ততা ও আনন্দ নিয়ে পারিশা বলেন, ‘মুভি দেখতে আমার অনেক ভালো লাগে, তাই ঈদের দিন মুভি দেখার জন্যই নিজেকে প্রস্তুত করি।’ তবে টিভিতে নিজের অভিনীত নাটক প্রচার হলেও সেটি পরিবারের সঙ্গে বসে দেখা হয় না তার। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘পরিবারের সবার সাথে বসে নিজের নাটক বা অনুষ্ঠান দেখতে আমার লজ্জা করে, তাই কখনও দেখা হয়নি।’ তবে দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও তাৎক্ষণিক রেসপন্স তার ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয় বলে জানান এই অভিনেত্রী।

ছোটবেলার কোরবানির ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, ১০ ভাইবোনের বড় পরিবারে বেশ ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে বড় হয়েছেন তিনি। হাটে যাওয়ার প্রবল ইচ্ছা থাকলেও তা কখনো পূরণ হয়নি। পারিশা বলেন, ‘আমার পরিবার অনেক ধার্মিক। ছোটবেলা থেকে আমাদের বলা হতো মেয়েদের কখনই হাটে যাওয়া এবং কোরবানির পশুর কাছে যাওয়া উচিত না। তাই ছোটবেলায় বাজারে কখনো যাওয়া হতো না, কিন্তু অনেক ইচ্ছে হতো।’
ঈদের দিনের সাজগোজ ও রান্নাবান্না নিয়ে এই তারকা বলেন, ‘আমার মনে হয় ঈদের দিন মানেই শুধু সাজগোজ।’ তবে গ্ল্যামার জগতের বাইরে ছোটবেলা থেকেই রান্নাঘরে মায়ের সঙ্গে সময় কাটাতেন তিনি। মাংসের নানা পদের মধ্যে গরুর ভুঁড়ি তার ভীষণ পছন্দ। তাই ঈদের দিন নিজ হাতেই গরুর ভুঁড়ি রান্না করেন বলে জানান পারিশা।
তারকাখ্যাতি আর ব্যস্ততাপূর্ণ বর্তমান ঈদের সঙ্গে ছোটবেলার ঈদের পার্থক্য করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বারবার শুধু বাবার কথাই মনে পড়ে তার। শৈশবের সেই হারানো দিনের কথা স্মরণ করে পারিশা বলেন, ‘ছোটবেলায় সালামি পেতাম, এটা যে কতটা আনন্দের ছিল! তা অনেক মিস করি। বাবা জামা নিয়ে আসত, তা দেখার জন্য সারা রাত বসে থাকতাম। এখন নিজেকেই কিনতে হয়।’
এসএ/এসএন