‘তুমি ছাড়া আমার জীবনে এখন আর যে ঈদ আসে না’, মাকে নিয়ে শুভর আবেগঘন পোস্ট
ছবি: সংগৃহীত
০৬:৪২ পিএম | ২৮ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহার দিনে প্রয়াত মাকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। মায়ের কবর জিয়ারত শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি প্রকাশ করেন তিনি।
বুধবার (২৮ মে) নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শুভ। সেখানে দেখা যায়, মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নিয়েছেন এই নায়ক।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে মাকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘ঈদ মোবারক মা। তুমি ছাড়া আমার জীবনে এখন আর যে ঈদ আসে না তুমি বুঝতে পারো? এই যে তোমার সঙ্গে এত কথা বলি তুমি শুনতে পাও ওপর থেকে? সবাইকে ঈদ মোবারক।’
পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের অনেকেই শুভর প্রতি সমবেদনা ও ভালোবাসা প্রকাশ করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জানুয়ারি মা খাইরুন নেছাকে হারান আরিফিন শুভ। দীর্ঘদিন ধরে তিনি ছেলের সঙ্গেই ঢাকায় বসবাস করছিলেন। জানা গেছে, ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন শুভর মা।
এদিকে ঈদের দিনই মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা ‘মালিক’। অ্যাকশনধর্মী এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি দেশের ৩২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
এসএ/এসএন