© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ বছরেই মা, সন্তান দত্তক নিতেই ছেড়ে যান সুস্মিতার ম্যানেজার

শেয়ার করুন:
২৪ বছরেই মা, সন্তান দত্তক নিতেই ছেড়ে যান সুস্মিতার ম্যানেজার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১২ পিএম | ২৮ মে, ২০২৬
মাত্র ২৪ বছর বয়সে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তখন ক্যারিয়ারের শুরুর সময়, চারপাশে সাফল্যের আলো। সেই সময়েই হঠাৎ এক সিদ্ধান্তে বদলে যায় জীবন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রথম সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্তের পরই তাকে ছেড়ে চলে যান তার ম্যানেজার। শুধু তাই নয়, ভবিষ্যতে আর কাজ পাবেন না বলেও সতর্ক করেছিলেন তিনি।


১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর মুকুট জয়ের পর বলিউডে পা রাখেন সুস্মিতা। ‘দস্তক’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে অভিষেকের পর দ্রুতই নিজের অবস্থান তৈরি করেন। ক্যারিয়ারের একেবারে শুরুতেই যখন জনপ্রিয়তা বাড়ছিল, তখনই ২০০০ সালে কন্যাসন্তান রেনেকে দত্তক নেন তিনি। সেই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছিলেন।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা জানান, তার ম্যানেজার সরাসরি বলেছিলেন, ২৪ বছর বয়সী একজন মাকে প্রতিনিধিত্ব করা সম্ভব নয়। এমনকি তিনি আর কখনও কাজ পাবেন না বলেও মন্তব্য করেছিলেন। তবে সেই পরিস্থিতিতে ভেঙে না পড়ে বরং আরও দৃঢ় হয়েছিলেন অভিনেত্রী।



সুস্মিতার ভাষায়, ম্যানেজার চলে যাওয়ার পর তার মনে হয়েছিল, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কারণ মা হওয়ার পরই তিনি জীবনের সবচেয়ে সফল সিনেমাগুলো দর্শকদের উপহার দিয়েছেন। এরপর মুক্তি পায় ‘ম্যায় হুঁ না’, ‘ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া’র মতো জনপ্রিয় সিনেমা।

মাতৃত্বের সিদ্ধান্তের সময় শুধু ইন্ডাস্ট্রি নয়, সমাজের অনেক মানুষের বিরোধিতারও মুখে পড়তে হয়েছিল তাকে। বিশেষ করে একজন অবিবাহিত নারী হয়ে সন্তান দত্তক নেওয়ার বিষয়টি অনেকেই সহজভাবে নেননি। তবে নিজের অবস্থানে অনড় ছিলেন সুস্মিতা।

তিনি বলেন, সমাজের তৈরি নিয়ম মানতে তিনি বাধ্য নন। নিজের চেষ্টায় ক্যারিয়ার গড়ে তোলা একজন স্বনির্ভর নারী হিসেবে নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছেন। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মা হওয়ার ইচ্ছা এবং সন্তানকে সুন্দর শৈশব উপহার দেওয়া।

রেনের পর ২০১০ সালে আরও এক কন্যাসন্তান আলিসাহকে দত্তক নেন সুস্মিতা। দীর্ঘ বিরতির পর ‘আর্যা’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে ফিরে আবারও প্রশংসা কুড়ান তিনি। পরে রূপান্তরকামী সমাজকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করে নতুনভাবে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

এসএ/টিএ

মন্তব্য করুন